আবারও চাভেজের জয়
প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার নেতা হুগো চাভেজ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন তিনি। নির্বাচনে জয়ী করে দেশটির জনগণ আগামী ছয় বছরের জন্য দেশের শাসনভার আবারও বামপন্থী এই নেতার হাতে অর্পণ করলেন। প্রতিদ্বন্দ্বী হেনরিকে ক্যাপরিলেস পরাজয় স্বীকার করে নিয়েছেন। গত এক দশকের মধ্যে এই নির্বাচনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছিল।নির্বাচন পর্ষদঘোষিত ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট হুগো চাভেজ পেয়েছেন ৫৪ শতাংশের কিছু বেশি ভোট। প্রায় ৮১ শতাংশ ভোটার রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দেন। ফল ঘোষণার পরপরই রাজধানী কারাকাসজুড়ে উল্লাসে মেতে ওঠেন চাভেজের সমর্থকেরা। অপরদিকে বিরোধী শিবিরে নেমে আসে হতাশা।জয়ী হওয়ার পর জনগণের উদ্দেশে চাভেজ বলেন, তিনি তাঁর সমাজতান্ত্রিক বিপ্লবের ধারা অব্যাহত রাখবেন। একই সঙ্গে নিজেকে ‘আরও ভালো’ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করবেন।নির্বাচন পর্ষদের প্রধান তিবিসে লুসেনা ফল ঘোষণা করে জানান, ৯৪ শতাংশ ভোট গণনায় চাভেজ পেয়েছেন ৫৪ দশমিক ৭ শতাংশ। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্যাপরিলেস পেয়েছেন ৪৪ দশমিক ৭ শতাংশ।জয়ের পর কারাকাসের মিরাফ্লোরস প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমবেত হন চাভেজের বিপুল সংখ্যক সমর্থক। এ সময় প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চাভেজও আনন্দে আত্মহারা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। তিনি তাঁদের বলেন, ‘বিপ্লব সফল হয়েছে।’ বিজয় ভাষণে প্রেসিডেন্ট চাভেজ আপসমূলক বক্তব্যও দেন। চাভেজ বলেন, ‘আমি সবার প্রেসিডেন্ট হতে চাই। বিগত বছরে আমি যেমন রাষ্ট্রনায়ক ছিলাম, আমি আপনাদের তার চেয়েও যোগ্য রাষ্ট্রনায়ক হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’এদিকে পরাজয়ে হতাশ ক্যাপরিলেসও চাভেজকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি বলেন, তাঁর সমর্থকেরা পরাজয়ের গ্লানিতে ভুগছেন না। ক্যাপরিলেস তাঁর নির্বাচনী প্রচারণার সদর দপ্তরে উপস্থিত হয়ে বলেন, ‘ভেনেজুয়েলাজুড়ে আমরা অসংখ্য বীজ বপন করেছি। আমি জানি, এসব বীজ ফলবান বৃক্ষে পরিণত হতে চলেছে।’ওদিকে চাভেজকে জয়ী ঘোষণার পর কারাকাসের কেন্দ্রে সড়কগুলোয় তাঁর বিজয়ানন্দে উৎফুল্ল সমর্থকদের ঢল নামে। রীতিমতো পার্টি উৎসবে মেতে ওঠেন তাঁরা। তাঁদের বাঁশির শব্দে আর হাতে হাতে পতাকায় এক অন্য রকম দৃশ্যের অবতারণা হয় সেখানে। বিজয় উৎসবে অংশ নেওয়া এমনই একজন চাভেজ সমর্থক এদগার গঞ্জালেস জানাচ্ছিলেন তাঁর অনুভূতির কথা। তিনি বলেন, ‘আমার হূদয় যেন আনন্দে নাচছে। চাভেজ ভেনেজুয়েলার জনগণ ও লাতিন আমেরিকার আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’ প্রসঙ্গত, চাভেজ ১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আছেন। গত বছর ক্যানসারের চিকিৎসা নেন তিনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ ও তাঁর পুনর্নির্বাচিত হওয়া নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল। বিবিসি।