আবারও চীনকে দ্বীপ তৈরি বন্ধ করতে বলল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জায়গায় কৃত্রিম দ্বীপ নির্মাণ দ্রুত এবং চিরতরে বন্ধ করে দিতে চীনের প্রতি আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সিঙ্গাপুরে ‘সাংগ্রি লা ডায়ালগ’ নামে পরিচিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। খবর বিবিসি ও রয়টার্সের।
সম্মেলনে দেওয়া ভাষণে অ্যাশটন কার্টার বলেন, এভাবে দ্বীপ নির্মাণ করে চীন আন্তর্জাতিক নীতিমালা ভাঙছে। তিনি বলেন, ‘চীন এ পর্যন্ত ২০০ একর জায়গা নতুন করে ভরে ফেলেছে। ১৮ মাস ধরে এই কাজ করেছে তারা। এ অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র।’
প্রতিরক্ষামন্ত্রী কার্টার গত বুধবারও হাওয়াইতে দেওয়া এক ভাষণে এই দ্বীপ নির্মাণ নিয়ে চীনের কড়া সমালোচনা করেছিলেন। গত শুক্রবার একধাপ এগিয়ে রিপাবলিকানদলীয় সিনেটর জন ম্যাককেইন দাবি করেন, কৃত্রিম দ্বীপটিতে সহজে বহনযোগ্য অস্ত্রশস্ত্র জড়ো করছে চীন। কার্টারের সফরসঙ্গী মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রেন্ট কোলব্রানও জানান, তারা এই অস্ত্র জড়ো করার বিষয়টি জানেন।
সম্মেলনে কার্টার উল্লেখ করেন, চীন ছাড়াও ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়াসহ জলসীমা নিয়ে বিরোধে লিপ্ত দেশগুলোও কিছু কিছু অংশ ভরাট করছে। তবে তারা সবাই মিলে যতটা জায়গা ভরাট করেছে চীনের ভরাট করা জায়গা তার চেয়েও অনেক বেশি।
চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরে তাদের একক অধিকার দাবি করে। সামরিক এবং বাণিজ্যিক কারণে অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ।