আবারও তিস্তা-ছিটমহল চুক্তির বিরোধিতায় মমতা
বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময় চুক্তির আবার বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে গত সোমবার কোচবিহারের মাথাভাঙায় এক জনসভায় মমতা চুক্তি নিয়ে তাঁর আপত্তির কথা জানান।
মমতা বলেন, ‘ছিটমহল বিনিময় তখনই হতে দেব, তিস্তার পানি তখনই বাংলাদেশকে দেব, যখন কোচবিহার ও উত্তরবঙ্গের মানুষ এতে সম্মতি দেবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সমস্যা মেটাতে গিয়ে উত্তরবঙ্গকে বঞ্চিত করা সম্ভব নয়।’
এদিকে মমতার ওই বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। সংগঠনের সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত আজ বুধবার প্রথম আলো ডটকমকে বলেছেন, দুদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ছিটমহল বিনিময়ের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, সরকার তাদের দাবি না মানলে তাঁরা আবার ছিটমহল বিনিময়ের দাবিতে বৃহত্তর আন্দোলন শুরু করবেন।
ভারত ও বাংলাদেশ সরকার ২০১১ সালে তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে ওই বছরের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় চুক্তি সম্পাদনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু ওই সময় মমতা হঠাত্ চুক্তির বিরোধিতা করেন। তিনি বলেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করে তিনি এই চুক্তি করতে রাজি নন। শুধু তা-ই নয়, তিস্তা চুক্তির বিরোধিতা করে সেদিন মমতা বাংলাদেশ সফর স্থগিত করেন। এর পরই এই চুক্তি সম্পাদনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়।