জাতীয়নিরাপত্তা রক্ষায় এ পরীক্ষা চালানো হয়েছে: পিয়ংইয়ং ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৯ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের নিন্দা চীনের হুঁশিয়ারি
আবারও পারমাণবিক পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার আবারও সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ায় ভূকম্পন হয়েছে। ভূকম্পনের তিন ঘণ্টা পর পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তর কোরিয়া।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়া দাবি করেছে, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৯। এই মানবসৃষ্ট ভূকম্পন পারমাণবিক পরীক্ষা চালানোর ফলেই হয়েছে।পিয়ইয়ং বলেছে, উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত শত্রুতার জবাবে এই পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। দেশটির নতুন নেতা কিম জং-উনের শাসনামলে এই প্রথম এ ধরনের পরীক্ষা চালানো হলো।২০০৬ ও ২০০৮ সালের পর এবার তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এই কর্মসূচির কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘উসকানিমূলক’ এই পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া কোনোভাবেই অধিকতর নিরাপদ হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এশিয়ায় বন্ধুরাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র বরাবরের মতো সতর্ক ও অবিচল থাকবে বলেও জানান ওবামা। তিনি বলেন, উত্তর কোরিয়ার এই কর্মসূচির জবাবে ‘দ্রুত’ পদক্ষেপ নিতে হবে।চীনও তার মিত্ররাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার কঠোর বিরোধিতা ও দেশটিকে হুঁশিয়ার করেছে। চীন উত্তর কোরিয়াকে ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার এবং অন্যদেরও শান্ত মাথায় পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে। তবে তারা এই পরীক্ষার নিন্দা জানায়নি। এমনকি এর প্রতিবাদে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেনি।এদিকে রাশিয়া যেকোনো ধরনের অবৈধ কর্মসূচি থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। মস্কো বলেছে, পারমাণবিক পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের সনদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। ইরান বলেছে, ‘আমাদের এমন একটি জায়গায় আসতে হবে, যেখানে কোনো দেশের হাতে একটিও পারমাণবিক অস্ত্র থাকবে না। পাশাপাশি যেসব দেশে মারণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র রয়েছে, তার সবই ধ্বংস করতে হবে।’যুক্তরাজ্য বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই কর্মসূচির ‘কঠোর জবাব’ দিতে হবে। নিরাপত্তা পরিষদ গতকাল রাতেই জরুরি বৈঠকে মিলিত হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাকে ‘দায়িত্বজ্ঞানহীন কাজ’ বলে অভিহিত করেছে ন্যাটো। সংস্থাটি বলেছে, এটা বিশ্বশান্তির জন্য চরম হুমকি। উত্তর কোরিয়া মারণাস্ত্র বানাতে গিয়ে অব্যাহতভাবে নিরাপত্তা পরিষদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। পিয়ংইয়ংয়ের প্রতি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ন্যাটো।উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনও। তিনি বলেন, এটা জাতিসংঘ সনদের লঙ্ঘন। এ ঘটনা মারাত্মক অস্থিরতায় উসকানি দেবে। তারা যদি আরও এগিয়ে যেতে চায়, তাহলে পরিণতি ভালো হবে না। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থল হিসেবে পরিচিত একটি স্থানকে এই ভূকম্পনের কেন্দ্রস্থল হিসেবে শনাক্ত করা হয়েছে। এর উৎপত্তি ছিল ভূমি থেকে মাত্র এক কিলোমিটার গভীরে।আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্যমতে, ২০০৬ ও ২০০৮ সালে উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক পরীক্ষায় যে ধরনের ভূকম্পন হয়েছিল, এবারের এই ভূকম্পনের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে।পরীক্ষা চালানোর পরপরই দক্ষিণ কোরিয়া ও জাপান জরুরি বৈঠকে বসে। তবে এসব বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চান ইয়ং-উ বলেছেন, কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার জন্য এই পরীক্ষা একটা অপ্রত্যাশিত হুমকি এবং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই চ্যালেঞ্জ। বিবিসি ও এএফপি।