আবারও বাস্কেটবল মাঠে বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্কেটবল খেলতে গিয়ে ঠোঁট ফাটানোর এক দিনের মাথায় আবারও সেই বাস্কেটবলের কাছেই ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, স্রেফ দর্শক হিসেবে। যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, গত শনিবার হাওয়ার্ড ইউনিভার্সিটি ও অরেগন স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি হয় হাওয়ার্ড ইউনিভার্সিটির বার স্টেডিয়ামে। প্রেসিডেন্ট ওবামা আহত অবস্থায়ই সেই খেলা দেখতে যান। ওবামার শ্যালক ক্রেইগ রবিনসন অরেগন স্টেট ইউনিভার্সিটি দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে কনুইয়ের ধাক্কায় প্রেসিডেন্টের ঠোঁট ফাটিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত হননি রেনাল্ডো ডিসেরেগা। তিনি বলেছেন, ‘ওবামা সত্যিই একজন ভালো খেলোযাড়। আমি জানি, কয়েক দিন বাদেই তিনি আবার বাস্কেটবলের কোর্টে ফিরবেন।’ কংগ্রেসের হিস্পানিক ককাস ইনস্টিটিউটের কর্মসূচি পরিচালক রেনাল্ডো ডিসেরেগা একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে বাস্কেটবল ম্যাচটি দারুণ জমেছিল। অসাবধানতার কারণে তাঁর মুখে আঘাত লেগেছে।’ তিনি বলেন, ‘ওবামার খেলোয়াড়সুলভ মনোভাব রয়েছে। আমি নিশ্চিত, শিগগিরই তিনি খেলায় ফিরবেন।’ মেক্সিকো ও দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের নিয়ে কাজ করছে এই ককাস ইনস্টিটিউট। নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, খেলা শুরু হওয়ার মিনিট কয়েক আগে মাঠে পৌঁছান প্রেসিডেন্ট ওবামা। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, শাশুড়ি মারিয়ান রবিনসন ও দুই মেয়ে সাশা ও মালিয়া। তাঁরা অরেগন স্টেট ইউনিভার্সিটির খেলোয়াড়দের বেঞ্চের পেছনে বসেন। এ সময় মিশেল ওবামা, তাঁর মা রবিনসন ও ওবামার এক ভাগ্নে অরিগন স্টেট ইউনিভার্সিটির জার্সি পরা ছিলেন। ওবামা এসেছিলেন অন্য পোশাকে। খেলায় প্রেসিডেন্ট পরিবার সমর্থিত দল অরেগন স্টেট ইউনিভার্সিটি ৮৪-৭৪ পয়েন্টে জয়ী হয়। ওয়াশিংটন ডিসির ফোর্ট ম্যাকনায়ারে গত শুক্রবার সকালে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে বাস্কেটবল খেলার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের কনুইয়ের আঘাতে প্রেসিডেন্ট ওবামার ঠোঁট ফেটে যায়। তাঁর ঠোঁটে ১২টি সেলাই লেগেছে। এদিকে ওবামার আহত হওয়ার ঘটনায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিন্দুকেরা বলছেন, পরিবর্তনের অনেক আশ্বাস দিলেও মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার অভিবাসী সমস্যা ঠিকমতো মোকাবিলা করতে পারছেন না ওবামা। পরিবর্তনের আশ্বাস পূরণ থেকে ওবামা এখনো অনেক দূরে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই হিস্পানিক ইনস্টিটিউটের পরিচালকের কনুইয়ের আঘাতে ওবামার ঠোঁট ফেটে যাওয়ার ঘটনার ভিন্ন তাৎপর্য খুঁজতে শুরু করেছেন নিন্দুকেরা। ওবামা অবশ্য কোনো কিছু নিয়েই মুখ খুলছেন না। এপি।