আবারও বিয়ে করছেন জ্যাকব জুমা
দক্ষিণ অফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আবারও বিয়ে করতে যাচ্ছেন। সানডে টাইমস-এর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। আগামী সপ্তাহের শেষদিকে কাওয়াজুলু-নাটাল প্রদেশের এনকান্দলা এলাকায় জুমার খামারবাড়িতেই এ বিয়ের আয়োজন করা হচ্ছে। এটি হবে জুমার ষষ্ঠ বিয়ে।জুমার মুখপাত্র ম্যাক মহারাজ সংবাদপত্রটিকে জানান, প্রেসিডেন্ট তাঁর প্রেমিকা বোঙ্গি এনগেমার সঙ্গে সম্পর্কটাকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন। এনকান্দলার স্থানীয় রীতি অনুযায়ী আগামী সপ্তাহে বিয়েটি হবে। জ্যাকব জুমা এর আগে পাঁচটি বিয়ে করেছেন। এর মধ্যে তিন স্ত্রী বর্তমান। এক স্ত্রী এনকোসাজানা ডিলামিনির সঙ্গে ১৯৯৮ সালে তাঁর বিচ্ছেদ হয়। আরেক স্ত্রী কেট ২০০০ সালে আত্মহত্যা করেন। জুমা ২০ সন্তানের জনক বলে ধারণা করা হয়। গত বৃহস্পতিবার ৭০ বছরে পা দিয়েছেন তিনি। পরদিন শুক্রবার তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিয়ে করতে যাচ্ছেন কি না, প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আমি সে রকমই ভাবছি।’ বোঙ্গি এনগেমাও জুমার এক ছেলের মা হয়েছেন। সেই ছেলের বয়স এখন তিন বছর। এএফপি।