আবারও মন্ত্রিপরিষদের সদস্যদের নাম পেশ করেছেন কারজাই
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দ্বিতীয় দফায় মন্ত্রিপরিষদের সদস্যদের নাম পার্লামেন্টে পেশ করেছেন। প্রথম দফায় তাঁর মনোনীত ৭০ ভাগ প্রার্থীর ব্যাপারেই না ভোট দেয় পার্লামেন্ট। গত সপ্তাহে আফগান পার্লামেন্টের আইন প্রণেতারা কারজাইয়ের মনোনীত ২৪ জনের মধ্যে ১৭ জনকেই প্রত্যাখ্যান করেন। কারজাইয়ের জন্য এটা ছিল একটি বড় ধাক্কা। আগামী কয়েক দিনের মধ্যেই পার্লামেন্টের দুই শতাধিক সদস্য মন্ত্রিপরিষদের জন্য মনোনয়নপ্রত্যাশী প্রত্যেক প্রার্থীর যোগ্যতা বিচার-বিশ্লেষণ করে গোপন ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচন করবেন।গত ২ জানুয়ারি পার্লামেন্টে কারজাইয়ের মনোনীত মন্ত্রিপরিষদের সাতজন সদস্য অনুমোদন পান। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও বহু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য এখনো প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়নি। এ কারণে সরকারের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যায়নি। খবর বিবিসি ও দ্য টাইমস ইন্ডিয়ার।