আবারও শিরোনাম হলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে একবার সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি। শতবর্ষী এক বৃদ্ধাকে বিয়ে করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন মালয়েশিয়ার ৩৮ বছরের মুহাম্মদ নুর চে মুসা। এবার আবারও সংবাদের শিরোনাম হলেন তিনি। মাদকাসক্ত হওয়ার কারণে বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর স্ত্রী থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি। মাদক নিরাময়কেন্দ্রে এক বছর কাটিয়ে গত বৃহস্পতিবার ফের স্ত্রীর কাছে ফিরে এসেছেন। এখন আবার সুখ ও স্বচ্ছন্দে সংসারজীবন শুরু করেছেন আলোচিত এ দম্পতি। মুহাম্মদ নুর চে মুসা আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর শতবর্ষী স্ত্রী উক কুন্দর তাঁকে মাদক পরিহার করার নির্দেশ দিলেন। কিন্তু দীর্ঘদিনের অভ্যাস সহজে বাদ দিতে পারলেন না। তাই ভর্তি হলেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি মাদক নিরাময়কেন্দ্রে। সেখানে টানা ১২ মাস কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত বৃহস্পতিবার তিনি স্ত্রী উক কুন্দরের কাছে ফিরে যান। মালয় ভাষার পত্রিকা উতুসান মালয়েশিয়া গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। পত্রিকার প্রথম পৃষ্ঠায় মুসা দম্পতির হাস্যোজ্জ্বল ছবি ছাপানো হয়েছে। শতবর্ষী স্ত্রী কুন্দরের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘স্বামী ফিরে আসাতে আমি খুবই আনন্দিত। দুজন দুজনকে আবার দেখতে পেরে আমি ভীষণ খুশি। আমি তাঁকে আসলেই অনেক ভালোবাসি।’ তিনি বলেন, ‘এখন আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। স্ত্রী হিসেবে যেটুকু আমার দায়িত্ব তা আমি পালন করব।’ মুহাম্মদ নুর চে মুসা বলেছেন, এক বছর মাদক নিরাময়কেন্দ্র থাকাকালীন তাঁর বৃদ্ধ স্ত্রী পাঁচবার তাঁর সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘আমি সব সময়ই তাঁর অভাববোধ করেছি। ’ গত বছর মুসার স্ত্রী কুন্দর বলেছিলেন, তিনি আবারও বিয়ে করতে প্রস্তুত। কেননা তাঁর আশঙ্কা, মাদক পুনর্বাসনকেন্দ্র থেকে ফিরে এসে তাঁর যুবক স্বামী অল্পবয়সী কোনো নারীকে বিয়ে করতে পারেন। উক কুন্দরের একসময়কার ভাড়াটে মুসা বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় তাঁরা পরস্পরের প্রেমে পড়েছেন। উতুসান মালয়েশিয়া বলেছে, কুন্দর ফের বিয়ে করলে সেটি হবে তাঁর ২৩তম বিয়ে। মুসা তাঁর ২২তম স্বামী। তবে মুসার এটি প্রথম বিয়ে। এএফপি।