আবারও সাংবাদিকের ওপর চড়াও হলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মেজাজ হারিয়েছেন। গতকাল বুধবার এক সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন তিনি।ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট রাজ্যের জনজীবনে আংশিক প্রভাব ফেলেছে কি না, এক সাংবাদিক মমতাকে এমন প্রশ্ন করেন। এর পরপরই ওই সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন মমতা।সাংবাদিককে উদ্দেশ করে মমতা বলেন, ‘তুমি কোথায় কাজ করো? তুমি কোনো একটি বিশেষ গণ-মাধ্যমের লোক। তাই তুমি আমাকে এমন প্রশ্ন করছ। দয়া করে ভাগো এবং বাজারঘাট যাচাই করো।’মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ওই সাংবাদিক বলেন, ধর্মঘটে রাজ্যের মার্কেট বন্ধ ছিল। বাস ও ট্যাক্সি রাস্তায় নামেনি। এ কথা শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে ওই সাংবাদিককে তিনি বলেন, ‘তুমি কি এখানে তোমার দলের মতামত দিতে এসেছ? তুমি তোমার সীমা লঙ্ঘন করছ।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন বলেন, ‘তুমি তোমার পত্রিকার নীতি অনুসারে মতামত প্রকাশ করতে পারো। সেটাই তোমার কাজ।’ এর আগে ফটোসাংবাদিকদের কষে চড় মারার হুমকি দিয়েছিলেন মমতা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ‘মাটি উৎসব’ নামের একটি মেলায় গিয়েছিলেন তিনি। সেখানে ফটোসাংবাদিকেরা যখন তাঁর ছবি তুলছিলেন, মমতা তাঁদের দিকে তেড়ে গিয়ে বলেন, ‘তোমাদের কষে চড় মারব।’কয়েক দিন আগে কলকাতা বইমেলায় মমতা নিরাপত্তা কর্মকর্তাদের চড় দেওয়ার হুমকি দেন। পিটিআই।