আবারও স্বামী হত্যার স্বীকারোক্তি সাকিনাহর
ব্যাভিচারের দায়ে পাথর ছুড়ে হত্যার দণ্ডাদেশ পাওয়া ইরানি নারী সাকিনাহ আশতিয়ানি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আবার তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার ইংরেজি ভাষার ইরানি টিভি চ্যানেল প্রেস টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে তিনি তাঁর স্বামীকে হত্যায় প্রেমিককে সহযোগিতা করার কথা স্বীকার করেন।সাকিনাহকে পাথর ছুড়ে হত্যার দণ্ডাদেশ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইরানি টিভিতে চতুর্থবারের মতো তাঁর এই স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার প্রচারিত হলো। দৃশ্যত, সমালোচকদের মুখ বন্ধ করতে সাকিনাহর এই সাক্ষাৎকার প্রচার করা হয়। বিষয়টি ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের বিরোধের নতুন সূত্র হয়ে দাঁড়িয়েছে।প্রেস টিভিতে প্রচারিত নতুন ভিডিওচিত্রে দেখা গেছে, ৪৩ বছর বয়সী দুই সন্তানের মা সাকিনাহকে কারাগার থেকে বের করে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে তাঁর বাড়ি। সেখানে ২০০৫ সালে ঘটা স্বামীর হত্যাকাণ্ডের দৃশ্যে অভিনয় করেন তিনি। একজন অভিনেতা তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেন। এ সময় কালো পোশাক পরা ছিল সাকিনাহর। মাথায় ছিল একটি বাদামি রঙের স্কার্ফ। কীভাবে ইসা তাহেরি নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে—এই বর্ণনা দেন তিনি। সাকিনাহ বলেন, স্বামীকে ইনজেকশন দেওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাহেরি বাড়িতে এসে বৈদ্যুতিক শক দিয়ে তাঁর স্বামীকে হত্যা করেন। এপি অনলাইন।