আবাসভূমি ছাড়ছে রোমারা
যাযাবর ইউরোপের রোমা সম্প্রদায়ের মানুষ রোমানিয়া ও বুলগেরিয়ায় নিজেদের আবাস ছেড়ে ফ্রান্সে পাড়ি জমাচ্ছে। চরম অর্থনৈতিক মন্দার কবলে পড়ায় তারা দেশ দুটি থেকে ফ্রান্সে চলে যেতে বাধ্য হচ্ছে। তবে দুটি দেশেরই সরকার রোমাদের দেশে ফিরে আসার পথ অবারিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ২০০৯ সাল থেকে ইউরোপের ২৭টি দেশের মধ্যে রোমানিয়া সবচেয়ে বেশি অর্থনৈতিক মন্দার শিকার হয়। চলতি বছর দেশটির অর্থনীতি আবার সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সরকার ঋণের জন্য আইএমএফের শর্ত অনুযায়ী সরকারি খাতে বেতনের ২৫ শতাংশ কর্তনসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। রোমা ছাড়াও রোমানিয়ার অনেকে ভাগ্যান্বেষণে বিদেশে বিশেষ করে স্পেন ও ইতালি এবং কেউ কেউ ফ্রান্সে পাড়ি জমাচ্ছেন। রোমা অধিকার সংগঠন আমারে রোমেনজার পরিচালক মিহাই নিয়াকসু জানান, রোমা সম্প্রদায়ের যেসব লোক বিদেশে যাচ্ছেন, তাঁরা দরিদ্র গ্রামীণ পরিবার থেকে এসেছেন। সেখানে শিক্ষা ও অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে। যদিও এঁদের সংখ্যা খুবই কম। ২৫ লাখের মধ্যে মাত্র পাঁচ লাখ ৩০ হাজার।বেসরকারি হিসাব অনুযায়ী, বুলগেরিয়ায় সাত থেকে আট লাখ রোমা বাস করে। সরকারি হিসাবে এই সংখ্যা সাড়ে তিন লাখ। ইউরোপীয় আদমশুমারি মতে, সাইবেরিয়ায় প্রায় সাড়ে চার লাখ এবং স্লোভাকিয়ায় সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ ৩০ হাজার রোমা বাস করে। ধারণা করা হয়, গত পাঁচ বছরে পাঁচ লাখ রোমা বুলগেরিয়া ত্যাগ করেছে।রোমা শিশুদের স্কুলমুখী করতে ও তাদের ঝরেপড়া রোধসহ প্রায় ছয়টি কর্মসূচি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন প্রায় দুই কোটি ২০ লাখ ইউরোর তহবিল গঠন করছে। কিন্তু এনজিওগুলো জানায়, এর চেয়েও অনেক বেশি অর্থ প্রয়োজন। তারা রোমা সম্প্রদায়ের অর্থনৈতিক অবস্থা উন্নয়নে ইউরোপব্যাপী পরিকল্পনা প্রণয়নের জন্য আহ্বান জানিয়েছে। রোমানিয়ার রোমা সম্প্রদায়ের একজন জিওর্গি ইয়োন বলেন, ‘এখানে আমরা ভবঘুরের মতো আছি। কোনো কাজ নেই। আমাদের কিছুই নেই।’ রোমানিয়ার আরেকজন তাঁর পরিবারের সঙ্গে ফ্রান্সের গ্রিনোবেল শহর থেকে ফিরে এসেছেন। তিনি বলেন, ‘যদি কোনো কাজ পাই, তবে আমরা বাড়িতেই থাকব। কিন্তু এটা কঠিন। কারণ রোমানিয়া দরিদ্র দেশ।’ এএফপি।