আবু কাতাদাকে বহিষ্কার করতে যাচ্ছে যুক্তরাজ্য
ব্রিটিশ সরকার চরমপন্থী মুসলিম নেতা আবু কাতাদাকে জর্ডানে ফেরত পাঠাতে যাচ্ছে। দেশটির পত্রিকাগুলো গতকাল শনিবার জানিয়েছে, আজ রোববার দিনের শুরুতেই তাঁকে জর্ডানে পাঠানো হবে।
জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আবু কাতাদার বিরুদ্ধে জর্ডানে গ্রেপ্তারি পরোয়ানা আছে। যুক্তরাজ্য আট বছর ধরে তাঁকে সে দেশে পাঠানোর চেষ্টা করছে। তাঁকে ফেরত পাঠানোর শেষ বাধা ছিল প্রত্যর্পণ চুক্তি না থাকা। গত মাসে জর্ডান ও যুক্তরাজ্যের মধ্যে তা সম্পন্ন হয়। বিমানে করে তাঁর জর্ডান যাত্রায় সঙ্গী হবেন দেশটির একটি মানবাধিকার সংগঠনের কয়েকজন পর্যবেক্ষক।
একসময় ইউরোপে ওসামা বিন লাদেনের ডান হাত বলে পরিচিত আবু কাতাদা জন্মগ্রহণ করেন পশ্চিম তীরের বেথলেহেমে। ১৯৯৩ সালে স্ত্রী ও পাঁচ সন্তানসহ তিনি জর্ডান থেকে যুক্তরাজ্যে চলে আসেন এবং আশ্রয় প্রার্থনা করেন। ১৯৯৪ সালে তাঁকে বসবাসের অনুমতি দেওয়া হয়। কিন্তু বিভিন্ন অভিযোগে ২০০১ সাল থেকে কয়েকবার কারাগারে যেতে হয়েছে তাঁকে। সর্বশেষ তাঁকে গত মার্চে কারাগারে নেওয়া হয়। রয়টার্স।