আবেদির আইএস-সংশ্লিষ্টতার আলামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের কনসার্ট হলে আত্মঘাতী বোমা হামলাকারী সালমান আবেদির (২২) সঙ্গে  জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতার আলামত মিলছে ওই ঘটনায় চলা তদন্তে। হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

এদিকে আরও হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারির পর সশস্ত্র পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নিরাপত্তায় নিয়োজিত হয়েছে। গতকাল ৯৮৪ জন সেনাসদস্য মাঠে নামে। আরও ৩ হাজার ৮০০ সেনা প্রস্তুত রাখা হয়েছে। 

সালমান আবেদির আইএস-সংশ্লিষ্টতা প্রসঙ্গে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) প্রধান গতকাল বলেন, হামলাকারীর সঙ্গে যুক্ত একটি বৃহত্তর নেটওয়ার্ককে বিবেচনায় নিয়ে তদন্তকাজ চলছে।

স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আইএসের কর্মী সংগ্রহের ঘটনায় পরিচিত রাফায়েল হস্টির সঙ্গে সখ্য ছিল আবেদির। দক্ষিণ ম্যানচেস্টারের মোস সাইড এলাকায় দুজন একসঙ্গে আড্ডা দিতেন ও স্থানীয় ডিডসব্যারি মসজিদে নামাজ পড়তেন। ২৪ বছর বয়সী হস্টি গত বছর সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

আবার জার্মানির কর্তৃপক্ষ বলেছে, ‘ম্যানচেস্টার অ্যারেনায়’ হামলার চার দিন আগে আবেদি জার্মানির ডোসেলডফ এলাকায় গিয়েছিলেন। এলাকাটি আইএস-সংশ্লিষ্ট লোকদের উপস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। গত বছর বার্লিনে ক্রিসমাস মার্কেটে হামলা চালানো ২৪ বছর বয়সী আনিস আমরিকে ওই এলাকায় দেখা যেত। এ ছাড়া প্যারিস ও বেলজিয়ামে হামলার সঙ্গে যুক্ত মোহাম্মদ আবরিনি (২৪) ২০১৫ সালে ম্যানচেস্টার গিয়েছিলেন। ম্যানচেস্টারে জন্ম নেওয়া আবেদির মতো আবরিনিও লিবীয় বংশোদ্ভূত।

গত সোমবার রাতে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডির কনসার্ট শেষ হওয়ামাত্রই ঘটে আত্মঘাতী বোমা হামলা। এতে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে হামলাকারীর বড় ভাই ও এক চাচা আছেন। অন্যদিকে লিবিয়াতে অবস্থানরত হামলাকারীর বাবা রামাদান আবেদি ও ছোট ভাই হাশেমকে আটক করেছে দেশটির সরকারি মিলিশিয়া বাহিনী। একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় রামাদানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ম্যানচেস্টার ও আশপাশের এলাকার বিভিন্ন বাসায় তল্লাশি চালিয়ে ‘গুরুত্বপূর্ণ’ আলামত জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, অন্য কারও বানানো বোমা দিয়ে হামলা চালিয়েছেন সালমান আবেদি। আবেদি যে বাসা থেকে সর্বশেষ বের হয়েছেন, তা-ও চিহ্নিত হয়েছে। ম্যানচেস্টার শহরের কেন্দ্রে ‘গ্রান্ডি রোত’ এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে হামলার মাত্র তিন ঘণ্টা আগে বের হয়েছিলেন আবেদি। গতকাল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ কিছু পায়নি। তবে প্রতিবেশীরা বলছেন, সম্প্রতি তারা ওই বাসায় বড় কয়েকটি প্যাকেট নিতে দেখেছেন।

খবরে জানা গেছে, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় আবেদি বিভিন্ন সময় লিবিয়ায় যাতায়াত করেছেন। হামলার পাঁচ দিন আগে তিনি লিবিয়া থেকে যুক্তরাজ্যে ফেরেন। লিবিয়াতে তিনি জঙ্গি প্রশিক্ষণ নিয়ে থাকতে পারেন।

লিবিয়ার যে এলাকায় আবেদির পরিবারের বসবাস ছিল, তা লিবিয়ার নিহত নেতা গাদ্দাফির বিরোধী বলে পরিচিত। ১৯৯০ সালে সেখান থেকে গাদ্দাফির বিরুদ্ধে একটি গোষ্ঠী বিদ্রোহ শুরু করে। গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন হামলাকারীর বাবা রামাদান। বিদ্রোহ ব্যর্থ হলে রামাদানসহ অনেককে আশ্রয় দেয় যুক্তরাজ্য। সর্বশেষ গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশ হামলা শুরু করলে রামাদান লিবিয়ায় গিয়ে বিদ্রোহে শামিল হন। এখন রামাদানকে আল-কায়েদার প্রতি অনুগত বলে মনে করা হচ্ছে। ভারী অস্ত্র হাতে তাঁর ছোট ছেলে হাশেমের একটি ছবি প্রকাশিত হয়েছে। হাশেম আইএসের প্রশিক্ষণপ্রাপ্ত ও ভাইয়ের হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই জানত বলে ধারণা করা হচ্ছে।

আবেদির বোন জোমানা আবেদ (১৮) ডেইলি মেইলকে বলেন, সিরিয়ায় মার্কিন বোমা হামলায় নারী-শিশুসহ নিরীহ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ ছিলেন আবেদি। প্রতিশোধপরায়ণ হয়ে তিনি আত্মঘাতী হামলা চালিয়েছেন বলে মনে করেন তিনি।