আব্বাসের মধ্যে আরাফাতের ছায়া
‘আজ আমি শান্তি আলোচনার প্রস্তাব ও মুক্তিযোদ্ধার বন্দুক নিয়ে এখানে এসেছি। আমার হাত থেকে এই প্রস্তাব পড়ে যেতে দেবেন না।’১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে স্বাধীনতার দাবিতে ফিলিস্তিন আন্দোলনের অগ্রপথিক ইয়াসির আরাফাতের কণ্ঠে ছিল এই আকুতি। সেদিন জাতিসংঘে আবেগময় ভাষণ দেওয়ার জন্য নিজের সব দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন তিনি।সেই আরাফাতের প্রতিভূ হিসেবেই গতকাল শুক্রবার জাতিসংঘের বক্তৃতা মঞ্চে দাঁড়ানোর কথা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের।জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করার পর আব্বাস ভাষণ দেবেন। তাঁর এই ভাষণ কম নাটকীয় হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।১৯৩৫ সালের ২৬ মার্চ গ্যালিলির সফেদে আব্বাসের জন্ম। তাঁর জন্মস্থান এখন ইসরায়েলের অভ্যন্তরে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর হাজারো ফিলিস্তিনির সঙ্গে নির্বাসনে চলে যান মাহমুদ আব্বাস। গত শতকের পঞ্চাশের দশকের শেষের দিকে আরাফাতের সঙ্গে ফাতাহ দল গঠন করেন।আরাফাত ও আব্বাসের মধ্যে মতপার্থক্যও ছিল। নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব নিয়ে আরাফাতের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন আব্বাস। এরপর তিনি ফাতাহ ও পিএলওর বৈঠকেও যোগ দেওয়া থেকে বিরত থাকেন। এএফপি।