আম আদমি সরকারের যাত্রা শুরু

জনসমুদ্রকে সাক্ষী রেখে আমজনতার একজন হয়ে দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। গতকাল শনিবার তাঁর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার অন্য ছয়জন সদস্য।
দুই বছর আগে যে রামলীলা ময়দানে দুর্নীতি দূর করতে অনশন শুরু করেছিলেন প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারে এবং কেজরিওয়াল ছিলেন যে আন্দোলনের শরিক, সেই রামলীলা ময়দানের মঞ্চ থেকেই শপথ গ্রহণের পর দিল্লিতে শুরু হলো আম আদমি পার্টির শাসন। শপথ নিয়েই কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের জিহাদ ঘোষণা করেছেন।
পূর্ব ঘোষণামতো মেট্রোরেলে চেপেই রামলীলা ময়দানে শপথ নিতে যান কেজরিওয়ালসহ মন্ত্রিসভার সাত সদস্য। দুপুর ১২টায় তাঁদের শপথবাক্য পাঠ করানোর বহু আগে থেকেই লাখের বেশি মানুষের ভিড়ে প্লাবিত হয়ে যায় ঐতিহাসিক এ ময়দান। দিল্লির উপরাজ্যপাল নাজীব জং একে একে সবাইকে শপথবাক্য পাঠ করানোর পরে উদ্বেলিত জনতার সামনে অরবিন্দ কেজরিওয়াল সংক্ষিপ্ত ভাষণ দেন। সেই ভাষণে তিনি ‘জীবনে কখনো কাউকে ঘুষ দেব না, কারও কাছে ঘুষ চাইব না’ এই অঙ্গীকারও জনতাকে করান। তিনি বলেন, ‘দুদিনের মধ্যে একটি ফোন নম্বর সবাইকে জানিয়ে দেব। কোনো সরকারি অফিসে কোনো কাজের জন্য কেউ ঘুষ চাইলে দিতে রাজি হয়ে যাবেন। তারপর ওই নম্বরে ফোন করে জানাবেন। আমরা ঘুষ দেওয়ার দিন হাতেনাতে পাকড়াও করব।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের হাতে জাদুদণ্ড নেই। কিন্তু দিল্লির দেড় কোটি মানুষ একযোগে কাজ করলে পাঁচ বছরে সোনার দেশ গড়তে পারব।’

আন্না হাজারে, কিরণ বেদি, সন্তোষ হেগড়েদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল। তাঁরা কেউ আসেননি। তবে আন্না তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘গুরু’ আন্নার সঙ্গে তাঁর বিরোধের কারণটিও কেজরিওয়াল গতকাল ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আন্না বলতেন, রাজনীতি হলো পাঁকের ডোবা। তাতে নামলে গায়ে ময়লা লাগবে। আমি বলতাম, পাঁকে নেমেই পাঁক পরিষ্কার করতে হবে। না হলে সাফ হবে না।’
শপথ গ্রহণের পর ‘টিম কেজরিওয়াল’ রাজঘাটে যান জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। সেখান থেকে সচিবালয়ে। কেজরিওয়াল নিজের হাতে স্বরাষ্ট্র, অর্থ, ভিজিল্যান্স, বিদ্যুৎ, যোজনা ও পরিষেবা মন্ত্রণালয় রেখেছেন। মনীষ সিসোদিয়া দেখবেন শিক্ষা, পূর্ত, নগরোন্নয়ন, জমি, বাড়ি ও স্থানীয় শাসন মন্ত্রণালয়। সোমনাথ ভারতীকে দেওয়া হয়েছে প্রশাসনিক সংস্কার, আইন, পর্যটন ও সংস্কৃতি দপ্তর। গিরীশ সোনি পেয়েছেন শ্রম উন্নয়ন, রাখী বিড়লা সামাজিক উন্নয়ন ও নারী-শিশু উন্নয়ন। সত্যেন্দ্র জৈন পেয়েছেন স্বাস্থ্য ও শিল্প এবং সৌরভ ভরদ্বাজকে দেওয়া হয়েছে খাদ্য সরবরাহ ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব।
কেজরিওয়াল বলেন...
১ আমাদের সংগ্রামের লক্ষ্য ছিল দিল্লির অধিবাসীদের ক্ষমতা দেওয়া।
২ আজ এএপির বিধায়কেরা নয়; শপথ নিলেন দিল্লির প্রত্যেক নাগরিক।
৩ দিল্লির বাসিন্দারা দেখিয়ে দিলেন, সততার মাধ্যমে নির্বাচনে লড়াই করে জেতা যায়।
৪ সব সমস্যার সমাধানে আমাদের জাদুর কাঠি নেই, তবে এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা সব সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করতে পারি
৫ হাতেগোনা কয়েকজন মানুষ কিছুই করতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হবে।
৬ সব মন্ত্রীর কাছে মিনতি জানাই, দয়া করে আপনারা গর্ব-অহংকার দেখাবেন না।
৭ উদ্ধত রাজনীতিকদের জবাব দিতেই রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল। আশা করি, আমাদের জবাব দিতে আর কাউকে দল গঠন করতে হবে না।