আম আদমিতে ১০ দিনে যোগ দিয়েছেন পাঁচ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজনীতিতে সাড়াজাগানো আম আদমি পার্টিতে (এএপি) গত ১০ দিনে মহারাষ্ট্রে প্রায় পাঁচ লাখ লোক যোগ দিয়েছেন। রাজ্যের আকোলা, বুলধানা এবং জালগাওনের মতো ছোট ছোট শহর থেকেও এসেছেন অনেকে। বলিউডের অভিনেতা থেকে দলিত কর্মীরা রয়েছেন। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়।

কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের ট্যাক্সিচালকেরা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে দেবতার মতো ভক্তি করে আসছেন। একই অবস্থা আইনজীবী, ব্যাংকার ও গৃহিণীদেরও। এপিপি এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

মহারাষ্ট্রে আম আদমি দলের আহ্বায়ক অঞ্জলি দামানিয়া বলেন, যেসব আসনে ভালো প্রার্থী খুঁজে পাওয়া যাবে, সেখানেই এপিপি প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন, যেহেতু আমাদের ওপর লোকজন আস্থা রাখছে, তাই কোনো প্রার্থীকে নির্বাচিত করার আগে তাঁর বিষয়ে আমাদের যাচাই-বাছাই করে নিতে হবে।

অঞ্জলি বলেন, অর্থসংকট নিয়ে ও পেশিশক্তি ছাড়াই দুর্নীতিবিরোধী এ দলটি যখন বড় বড় রাজনৈতিক দলকে পেছনে ফেলে বিশাল জনসমর্থন আদায় করছিল, তখন অনেকেই এই প্রচারকে বিপথে ঠেলে দিতে চেয়েছে। রাজ্যের অনেক বড় দলই তাদের সমর্থকদের এপিপিতে যোগ দিতে পাঠিয়ে প্রচারকাজকে ব্যাহত করার চেষ্টা করেছে।

মহারাষ্ট্রের অনেক জায়গায় এপিপি তাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এসব স্বেচ্ছাসেবী দলের জন্য নিজেদের বাড়ি ও অফিস খুলে দিয়েছেন। যখন আবাসন ও অবকাঠামোর ভিত তৈরি হবে, তখন দলটি এর ওপর দাঁড়িয়ে মহারাষ্ট্রের শহর থেকে প্রত্যন্ত এলাকায় পরিকল্পনাহীন উন্নয়নের বিরুদ্ধে সংগ্রাম করবে। এমনকি মহারাষ্ট্রের সেচ-দুর্নীতির বিষয়টিও উন্মোচন করা হবে বলে জানান অঞ্জলি।