আম আদমির ঐতিহাসিক উত্থান
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকে প্রথম ঝাকুনিটা দিয়েছিলেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে। আজ দ্বিতীয় ঝাকুনি দিয়ে কংগ্রেসের ভিত নাড়িয়ে দিলেন আন্নারই এক সময়ের সহযোগী অরবিন্দ কেজরিওয়াল।
আন্নার আন্দোলন থেকে সরে গিয়ে মাত্র নয় মাস আগে কেজরিওয়াল গঠন করেছিলেন আম আদমি পার্টি (এএপি)। সদ্যগঠিত এই দলটির হয়ে কেজরিওয়াল নিজে দিল্লির বিধানসভা নির্বাচনে দাড়িয়ে কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে ২২ হাজার ভোটে হারিয়েছেন। বিজেপিকে ঠেলে দিয়েছেন চ্যালেঞ্জের মুখে।
এখন দিল্লির ‘মিনি সাধারণ নির্বাচনে’ প্রধান বিস্ময় হয়ে উঠেছে এএপি। এএপির এই আত্মপ্রকাশ গত ত্রিশ বছরের ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য অধ্যায়ের সৃষ্টি করেছে। ভারতের নির্বাচনী ইতিহাসে এমনটি আগে কখনো ঘটেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব আসনের ফলাফল ঘোষণা হয়নি। তবে ঘোষিত ও এগিয়ে থাকা আসন মিলিয়ে দিল্লিতে ৭০ আসনের মধ্যে বিজেপি ৩২, এএপি ২৮, কংগ্রেস ৮ ও অন্যান্য প্রার্থী তিন আসন পাচ্ছে। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি ১৫৭, কংগ্রেস ২৫ এবং অন্যান্য প্রার্থী ১৭ আসন পাচ্ছে। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি ১৫৭, কংগ্রেস ৬২ এবং অন্যান্য প্রার্থী ১১ আসনে জয়ী হচ্ছেন। অন্যদিকে ছত্তিশগড়ে ৯০ আসনের মধ্যে বিজেপি ৪৪, কংগ্রেস ৪৩ এবং অন্যান্য প্রার্থী তিন আসন পেতে পারেন।
দিল্লিতে সরকার গড়তে হলে বিধানসভার ৭০টি আসনের মধ্যে প্রয়োজন ৩৬ আসনের। স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিজেপি সরকার গড়তে চেষ্টা করবে বিজেপি। তবে তারা তা করতে ব্যর্থ হলে দিল্লিতে রাষ্ট্রপতির শাসন আসবে। এএপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার গড়তে তারা কারও সমর্থন নেবে না, কাউকে সমর্থনও দেবে না। দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে আগামী বছর লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার ভোট হবে।
এএপির এই বিস্ময়কর উত্থান নিয়ে সর্বত্র ব্যপক আলোচনা চলছে। এই উত্থানের কারণ খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এএপির লক্ষ ছিল দূর্নীতি পরায়ণ এই রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনা এবং রাজনীতিতে গুনগত পরিবর্তনের মাধ্যমে জনগণের সামনে বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই অবস্থায় এএপি দিল্লি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী থাকা শীলা দীক্ষিতকে নয়াদিল্লি কেন্দ্রে পরাজিত করেন এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
বিশ্লেষকেরা মনে করেন, এএপির এই জয়ের পেছনে রয়েছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু অনন্য পরিবর্তন। শুরু থেকে এএপি নির্বাচনি প্রচারণায় মাঠ পর্যায়ে সর্ব্বোচ্য শক্তি প্রয়োগ করে। কোন ধরনের পেশি শক্তি বা টাকার ছড়াছড়ি তাদের পুরো নির্বাচনী প্রক্রিয়াতে দেখা যায়নি। পুরো নির্বাচনি প্রচারণায় সর্ব্বোচ অর্থনৈতিক ও রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল। এই প্রথম দিল্লির প্রতিটি নির্বাচনি এলাকাকে ভিত্তি করে আলাদা নির্বাচনি ইশতাহার প্রদান করে এএপি। জাত বা ধর্মভিত্তিক ভোট ব্যাংকের প্রতি গুরুত্ব না দিয়ে তারা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার নতুন সংস্কৃতিটি প্রথমবারের মত শুরু করে। গণমাধ্যম থেকে আলাদা কোন সুবিধা পায়নি আম আদমি পার্টি।
দিল্লি নির্বাচনে এত ভালো করার পেছনে রয়েছে এএপির হাজার হাজার স্বেচ্ছাসেবকের ঘাম ঝরানো পরিশ্রম। দিল্লি ও দিল্লির বাইরে থেকে আসা এ স্বেচ্ছাসেবকেরা তাঁদের চাকরি আরাম আয়েশ ত্যাগ করে শুধু বিবেকের তাগিদে এই প্রচারনায় অংশ নিয়েছেন। এক্ষেত্রে তাঁদের কাছে প্রাধান্য পেয়েছে দূর্নীতিবিহীন স্বচ্ছ ও সাম্যতা ভিত্তিক রাস্ট্র গঠনের তীব্র আকাঙ্ক্ষা। এটিও ভোটারদের দারুণভাবে আন্দোলিত করে।