আমন্ত্রণ পাননি ওবামাসহ অনেক বিশ্বনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে অনুষ্ঠানে আমন্ত্রিত এক হাজার ৯০০ অতিথির নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে এ তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম নেই। নাম নেই ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনেরও। কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ গণমাধ্যমে আমন্ত্রিত অতিথিদের অনেকের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে আছেন: ফুটবল তারকা ডেভিড বেকহাম সংগীতশিল্পী এলটন জন ও চলচ্চিত্র পরিচালক গাই রিচি। এ ছাড়া তালিকায় সংগীতশিল্পী জস স্টোন ও মিস্টার বিন চরিত্রে অভিনয়কারী রোয়ান অ্যাটকিনসনের নামও রয়েছে। এ ছাড়া ডেনমার্ক, নরওয়ে, স্পেন, থাইল্যান্ড, মরক্কোসহ কয়েকটি দেশের রাজপরিবারের ৪০ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাহরাইনের মানবাধিকারকর্মীরা সালমানের আমন্ত্রণ প্রত্যাহার করে নেওয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের কাছে আবেদন জানিয়েছেন। তাঁরা বলেছেন, যার কারণে বাহরাইনে ব্যাপক রক্তপাত হয়েছে, তাঁদের কখনোই ব্রিটিশ রাজপরিবারের বিয়েতে আমন্ত্রণ জানানো উচিত নয়। গত ফেব্রুয়ারিতে বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর পর থেকে সরকার বিক্ষোভ-কারীদের ওপর ব্যাপক নির্যাতন শুরু করে। এসব ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। রাজপ্রাসাদের কর্মকর্তারা জানান, ব্রিটিশ রাজপরিবারের বিয়েতে রাজতান্ত্রিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়। কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের সদস্য না হওয়ায় বারাক ওবামা ও সারকোজিকে আমন্ত্রণ জানানো হয়নি। টাইমস অব ইন্ডিয়া।