আমরা অবশ্যই আম আদমিকে সময় দেব: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনমোহন সিং ও অরবিন্দ কেজরিওয়াল
মনমোহন সিং ও অরবিন্দ কেজরিওয়াল

আম আদমি পার্টি (এএপি) ভোটারদের আস্থা অর্জন করেছে বলে মেনে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তারা কেমন কাজ করছে, তা মূল্যায়নে সময় দেওয়ার পক্ষে তিনি। আজ ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।

১৫ বছর পর আম আদমির কাছে কংগ্রেস দিল্লির মসনদ হারায়। এ ব্যাপারে জানতে চাইলে মনমোহন সিং বলেন, ‘জনরায়কে সম্মান করতে হবে। দিল্লির জনগণ আম আদমিকে আস্থায় নিয়ে ভোট দিয়েছে। আমি মনে করি, আমাদের অবশ্যই এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করতে হবে।’

মনমোহন বলেন, ‘সময়ই বলে দেবে এই অভিজ্ঞতা অর্থনীতি ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম কি না। আম আদমি ক্ষমতায় এসেছে এক সপ্তাহেরও কম সময়। তাদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে এটা খুব তাড়াহুড়ো হয়ে যায়। তাদের সময় দিতে হবে। নিজেদের মূল্যায়ন করার সময় দিতে হবে।’

গত ২৮ ডিসেম্বর রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল। বিদ্যুত্ বিল ৫০ শতাংশ হ্রাস, পরিবারপ্রতি ৭০০ লিটার খাবার পানি বিনা মূল্যে সরবরাহ, জনলোকপাল বিল পাস,  রাজ্যজুড়ে ৫০০টি বিদ্যালয় খোলা এবং আরও বেশি সরকারি হাসপাতাল খুলে স্বাস্থ্য পরিষেবা সর্বজনীন করে তোলাসহ ১৮টি প্রতিশ্রুতি দিয়ে দিল্লির ভোটারদের মন জিতে নেয় এএপি।