আমরা একসঙ্গে ছিলাম, থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা গতকাল শুক্রবার ওশ শহর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ‘আমরা একসঙ্গে ছিলাম, আগামী দিনেও একসঙ্গে থাকব।’ দেশটির দক্ষিণাঞ্চলের এই শহর থেকেই গত ১০ জুন থেকে কিরগিজ ও উজবেকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতার কারণে কিরগিজস্তান থেকে উজবেকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীদের কয়েকটি শিবির পরিদর্শন করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কিরগিজস্তানে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রয়োজন নেই। রোজা ওতুনবায়েভা গতকাল কড়া নিরাপত্তার মধ্যে হেলিকপ্টারযোগে ওশ শহরে যান। শহরের প্রধান স্কয়ারে অবতরণের পর তিনি বলেন, ‘আমি এখানকার পরিস্থিতি দেখতে এসেছি। জনগণের সঙ্গে কথা বলতে এসেছি। এ শহরে পুনর্নির্মাণে সম্ভাব্য সবকিছু করা হবে।’ ওতুনবায়েভা বলেন, ‘আমরা আগেও সবাই মিলে একসঙ্গে ছিলাম, আগামী দিনেও একসঙ্গে থাকব।’ এ সময় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন।ওশ শহর পরিদর্শনে যাওয়ার আগে রাশিয়ার একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ওতুনবায়েভা স্বীকার করেন, সরকারিভাবে নিহতের যে সংখ্যা বলা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, এই সংখ্যা প্রকাশিত সংখ্যার ১০ গুণ হতে পারে। সরকারিভাবে সহিংসতায় ১৯১ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়। জাতিসংঘের তথ্যমতে, সহিংসতার কারণে উজবেকিস্তানে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৭৫ হাজার থেকে এক লাখের মধ্যে। সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে চার লাখ মানুষ। এদিকে বিভিন্ন ত্রাণ সংস্থা বলছে, উজবেকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা এক লাখ। তবে এই হিসাবের মধ্যে শিশুদের ধরা হয়নি। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র আন্দ্রেজ মাহেকিক জানান, এই বিপুলসংখ্যক শরণার্থী সামলাতে তাঁরা হিমশিম খাচ্ছেন। প্রয়োজনের তুলনায় ত্রাণকর্মীর সংখ্যা খুব কম। আর পর্যাপ্ত পরিমাণ ত্রাণও প্রয়োজন। তিনি জানান, শনিবার ইউএনএইচসিআরের ৮০ টন ত্রাণ নিয়ে কয়েকটি বিমান সেখানে পৌঁছাবে।মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক গতকাল উজবেকিস্তানের আন্দিজান শহরের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। দু-এক দিনের মধ্যে কিরগিজস্তানে যাওয়ার কথা রয়েছে। সেখানে দেশটির নেতৃত্বের সঙ্গে সহিংসতার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘আমার মনে হয়, কিরগিজস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো প্রয়োজন নেই। কিরগিজস্তানও সেনা চেয়ে যে অনুরোধ করেছিল, তা প্রত্যাহার করেছে।’ তিনি বলেন, এটা দেশটির অভ্যন্তরীণ বিষয়। আশা করি, তারাই এর সমাধান করতে পারবে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ফোরাম কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) কিরগিজস্তানে সেনা না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এএফপি, এপি।