আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের মধ্যে আছি: প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রণব মুখার্জি। গতকাল বুধবার নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে ১৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে প্রণব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে চতুর্থ বিশ্বযুদ্ধ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের মধ্যে আছি।’ রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণে ভারত থেকে দারিদ্র্য ও দুর্নীতি নির্মূলের কথা বলেন তিনি।পার্লামেন্ট ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে ভারতের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার মীরা কুমার, ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এর আগে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভবন থেকে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে সঙ্গে নিয়ে প্রণব মুখার্জি পার্লামেন্ট ভবনে যান। উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও স্পিকার সেখানে তাঁদের স্বাগত জানান। তাঁরা প্রতিভা পাতিল ও প্রণব মুখার্জিকে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে নিয়ে যান। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে এলে ২১ বার তোপধ্বনি দিয়ে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। পরে রাষ্ট্রপতি হিসেবে পার্লামেন্টে প্রথমবারের মতো বক্তৃতা করেন প্রণব মুখার্জি।প্রণব বলেন, ‘যুদ্ধের যুগ শেষ হয়ে যায়নি। আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধ হলো সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ। বিশ্বের যেকোনা স্থানে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী স্নায়ুযুদ্ধ। নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত এই স্নায়ুযুদ্ধের ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা অঞ্চল গরম হয়ে উঠেছিল।’ প্রণব বলেন, ভারত সন্ত্রাসবাদবিরোধী বিশ্বযুদ্ধে সামনের লাইনেই রয়েছে।ভারতের দারিদ্র্য প্রসঙ্গে নতুন রাষ্ট্রপতি বলেন, ভারতকে দারিদ্র্যের অভিশাপ থেকে রক্ষা করতে হবে। আধুনিক ভারতের অভিধান থেকে দারিদ্র্য শব্দটি মুছে ফেলতে হবে। ক্ষুধা দূর করতে হবে। তিনি বলেন, ক্ষুধার মতো কষ্ট ও লজ্জার আর কিছু নেই। ৭৬ বছর বয়সী প্রণব বলেন, ‘মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সরদার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আম্বেদকর ও মাওলানা আজাদের জাতীয় লক্ষ্য ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।’ভারতে বর্তমান সময়ে বহুল আলোচিত দুর্নীতি নিয়ে কথা বলেন প্রণব। তিনি বলেন, দুর্নীতি এমন একটি বিষয় যা একটি জাতির উন্নয়নে বড় বাধার সৃষ্টি করে। কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। প্রণব বলেন, ‘আমাদের অর্জন দুর্নীতির কাছে ছিনতাই হতে দেওয়া হবে না।’ভারতে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল ঘোষণা করা হয় গত রোববার। এতে প্রণব ৬৯ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমাকে পরাজিত করেন। এর আগে তিনি ক্ষমতাসীন ইউপিএ জোটের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি, পিটিআই।