আমরা জাতীয় সার্বভৌমত্ব চাই এবং তা আজকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ‘আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্ব চাই এবং তা আজকেই।’ গতকাল বুধবার রাজধানী কাবুলে ‘লয়া জিরগা’ বলে পরিচিত প্রবীণ নেতাদের এক সমাবেশে তিনি এ দাবি তোলেন। সমাবেশে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।লয়া জিরগা লক্ষ্য করে তালেবানরা হুমকি দেওয়ায় কাবুলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।সমাবেশে দেশের ভবিষ্যৎ ও তালেবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কারজাই বলেন, দুটি স্বাধীন দেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক থাকে, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যেও তিনি সে সম্পর্ক প্রত্যাশা করেন। তিনি কিছু শর্তের ভিত্তিতে আফগানিস্তানে দীর্ঘ মেয়াদে মার্কিন ঘাঁটি রাখার পক্ষে। কারজাই একই সঙ্গে চীন ও রাশিয়ার মতো প্রতিবেশীদের আশ্বাস দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁদের দীর্ঘমেয়াদি এ চুক্তি তাদের সঙ্গে সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারি নিয়ে আলোচনার লক্ষ্যে চার দিনের ওই সমাবেশ ডাকেন আফগান প্রেসিডেন্ট। বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কাবুলের যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তা হচ্ছে ২০১৪ সালে ন্যাটোর সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর আফগান-যুক্তরাষ্ট্র সম্পর্ক।বিশ্লেষকেরা অনেকে কারজাইয়ের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের কৌশলগত অংশীদারি যখন চূড়ান্ত হওয়ার পথে, এ সময় এই সমাবেশ ডাকার কোনো মানে হয় না। কারজাইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ ব্যক্তিরা এ সমাবেশে যোগ দেওয়া থেকে বিরত থাকেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাওয়ার আগে কারজাই যেসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন, তা হচ্ছে রাতে মার্কিন সেনাদের অভিযান এবং সামরিক ও বেসামরিক সদস্যদের সমন্বয়ে গড়া পুনর্গঠন দলের কাজ। তবে আফগানিস্তানকে দীর্ঘ মেয়াদে ঘাঁটি হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন কারজাই। তিনি বলেন, ‘যদি তারা এখানে সামরিক ঘাঁটি চায়, তাহলে আমরা অনুমতি দেব। এতে আমাদেরই লাভ হবে। আমাদের কাছে অর্থ আসবে, আমাদের সেনারা প্রশিক্ষণ পাবে।’ এএফপি।