‘এই নির্বাচনে আপনারা, মার্কিন জনগণ, আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, চলার পথ অত্যন্ত কঠিন এবং দীর্ঘ হলেও আমরা সামলে নিতে পেরেছি। আমরা লড়াই করে ফিরে এসেছি। ...আমরা মন থেকে জানি যে যুক্তরাষ্ট্রের জন্য শ্রেষ্ঠ সময় এখনো আসেনি।’মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর গত মঙ্গলবার গভীর রাতে বিজয় ভাষণে নিজ সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন বারাক ওবামা। রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনিকে পরাজিত করার পর ওবামা তাঁর প্রচারণার মূল ঘাঁটি ইলিনয়ের শিকাগোতে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন।বিজয় ভাষণে ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদের নির্বাচনী অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরেন। মধ্যবিত্ত শ্রেণী ও ‘আমেরিকান ড্রিম’-এর জন্য লড়াই করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।ওবামার বক্তব্যের শুরুটা ছিল এমন, ‘ধন্যবাদ! ধন্যবাদ! আপনাদের অসংখ্য ধন্যবাদ! সাবেক এই উপনিবেশ ২০০ বছরেরও বেশি সময় আগে আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের পর আজকের এই রাতে রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার কাজ আরও নিখুঁত করার যাত্রা শুরু হলো। আপনাদের কারণেই কাজটি সামনে এগিয়ে যাচ্ছে। এটা সামনে এগোচ্ছে। কারণ, আপনারা এমন এক চেতনার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, যা অতীতে যুদ্ধ ও হতাশার বিরুদ্ধে জয়ী হয়েছে।’ওবামা জানান, তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী মিট রমনির সঙ্গে কথা বলেছেন। রমনি ও তাঁর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ানকে একটি কষ্টসাধ্য প্রচারণা চালানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। দেশকে এগিয়ে নিতে সামনের দিনগুলোর করণীয় নিয়ে তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নরের সঙ্গে আলোচনা করারও প্রত্যয় ব্যক্ত করেন। ওবামা বলেন, ‘আমরা কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়ে থাকতে পারি, তবে এটা করেছি শুধু এ কারণেই যে আমরা উভয়ে এই দেশকে ভালোবাসি এবং দেশের ভবিষ্যৎকে খুব গুরুত্ব দিই।’ওবামা তাঁর বক্তব্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যাঁরা তাঁর প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করেছেন, তাঁদেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘ভোট পাই বা না পাই, আমি আপনাদের কথা শুনেছি, আপনাদের কাছ থেকে শিখেছি। আপনারা আমাকে একজন অধিকতর ভালো প্রেসিডেন্ট বানিয়েছেন।’বক্তব্যের শেষের দিকে ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদে আরও সুদূরপ্রসারী কর্মসূচি নিয়ে এগোনোর কথা বলেন। জলবায়ু পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত করে তিনি এমন একটি ভবিষ্যতের আহ্বান জানান, যা ‘একটি উষ্ণ গ্রহের ধ্বংসাত্মক শক্তির হুমকির মুখে পড়বে না।’ রাজনৈতিক বিভেদের এই সময়ে ঐকমত্যের ব্যাপারে আশাবাদ উচ্চারণ করে ওবামা বলেন, ‘আমি বিশ্বাস করি, সবাই মিলে আমরা এই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। কারণ, আমাদের রাজনীতি যেমনটি ইঙ্গিত দেয়, আমরা আসলে ততটা দ্বিধাবিভক্ত নই। বিশ্লেষকেরা যেমন নৈরাশ্যবাদী ভাবেন, আমরা তেমনটি নই।’এএফপি ও ওয়াশিংটন পোস্ট।