আমাকে দোষী সাব্যস্ত করতে সরকার সংকল্পবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক মুক্তি পেয়ে পার্লামেন্টের প্রথম অধিবেশনে যোগ দিয়েই সরকারের সমালোচনা করলেন শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকা।উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার সংক্ষিপ্ত সময়ের জন্য মুক্তি দেওয়া হয় নির্বাচিত সংসদ সদস্য ফনসেকাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন তিনি। গ্রেপ্তারের পর এই প্রথম তিনি প্রকাশ্যে বক্তব্য দিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত সাবেক এই সেনাপ্রধান দেশে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার আহ্বান জানান। পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে শরত্ ফনসেকা বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, ব্যক্তিস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন।পার্লামেন্টে যোগ দেওয়ার পর বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে ফনসেকা বলেন, তাঁকে দোষী সাব্যস্ত করতে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, ‘প্রথম দিন বলে আমি সংযত ছিলাম। কিন্তু আমি গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যেতে পার্লামেন্টকে কাজে লাগাব।... আমি নীরব থাকব না।’ গ্রেপ্তার হওয়ার পর এটি ছিল তাঁর দেওয়া প্রথম সাক্ষাৎকার।প্রথম দিন প্রেসিডেন্টের ভাই চামাল রাজাপক্ষে সর্বসম্মতভাবে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। পার্লামেন্টে সাংবাদিকদের ফনসেকার কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। সরকারি টেলিভিশনের সংবাদেও তিনি উপেক্ষিত ছিলেন।সেনাবাহিনীতে থাকা অবস্থায় রাজনীতির সঙ্গে জড়ানো ও অস্ত্র কেনায় দুর্নীতির অভিযোগে সামরিক আদালতে তাঁর বিচার চলছে। গত মঙ্গলবার বিচার কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।