
জেনিফার টিগ মনে করেন, তাঁর শরীরে কৃষ্ণাঙ্গের রক্ত আছে—এ কথা জানতে পারলে নিজের নানা হয়তো গুলি করেই মারতেন তাঁকে। জার্মান-নাইজেরিয়ান এই নারী সম্প্রতি জানতে পেরেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসি বাহিনীতে ‘প্লাসজওয়ের কসাই’ বলে পরিচিত অ্যামন গোয়েথ তাঁর নানা।
১৯৪৬ সালে যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়া নাৎসি অ্যামন গোয়েথ বন্দী নির্যাতনের জন্য কুখ্যাতি অর্জন করেন। বর্বরতার জন্য নাৎসি বাহিনী পর্যন্ত তাঁকে বরখাস্ত করেছিল। ১৯৯৩ সালের অস্কারজয়ী চলচ্চিত্র শিন্ডলারস লিস্ট-এ অ্যামন গোয়েথের চরিত্র তুলে ধরা হয়েছে।
অ্যামন গোয়েথের মেয়ে মনিকা গোয়েথের সঙ্গে সম্পর্ক হয়েছিল এক নাইজেরীয়র। তাঁদেরই সন্তান জেনিফার টিগ। তবে ১৯৭০ সালে জন্মের কিছুদিনের মধ্যেই মিউনিখের এক ধনী পরিবার তাঁকে দত্তক নেয়। শিন্ডলারস লিস্ট চলচ্চিত্রটি দেখলেও এর খলনায়ক গোয়েথের সঙ্গে তাঁর নামের মিলকে কাকতালীয় বলে ধরে নিয়েছিলেন টিগ। কিন্তু সম্প্রতি তাঁর মায়ের লেখা বই থেকে জানতে পারেন নানার পরিচয়। ইন্ডিপেনডেন্ট।