আমাজনে উজাড় হওয়া ৬০ শতাংশ জায়গায় পশু চরানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের আমাজন বনের উজাড় হওয়া ৬০ শতাংশেরও বেশি এলাকা গবাদিপশু চরানোর জন্য ব্যবহার করা হচ্ছে এবং মাত্র পাঁচ শতাংশ এলাকা কৃষি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। নতুন একটি সরকারি গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবির ভিত্তিতে এ গবেষণা করা হয়।গবেষণায় দেখা গেছে, ২০০৮ সালে আমাজনে সাত লাখ ১৯ হাজার বর্গকিলোমিটার বন উজাড় করা হয়েছে। উজাড় হওয়া এসব জায়গার ৬২ শতাংশজুড়ে রয়েছে ঘাস এবং অধিকাংশ জায়গা গরু চরানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইসাবেলা তিয়েক্সেইরা বলেন, ‘এটা একটা অপচয়; কারণ, আমাজন বন উজাড় করে তা এমন কাজে ব্যবহার করা হচ্ছে, যা থেকে কোনো মুনাফা বা প্রবৃদ্ধি আসবে না।’আমাজনের উজাড় হওয়া অংশের পাঁচ শতাংশ জমি কৃষি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আর ২১ শতাংশ জায়গা পরিত্যক্ত রয়েছে এবং এ অংশটিতে যাতে আবারও নতুন করে বনভূমি সৃষ্টি হতে পারে, সে জন্য রাখা হয়েছে।বিশ্বের সর্ববৃহৎ ক্রান্তীয় বন আমাজনের অধিকাংশ জায়গার ওপর ব্রাজিলের আইনগত অধিকার রয়েছে। তবে দেশটি ২০২০ সাল নাগাদ আমাজনে বন উজাড় ৮০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার করেছে। কিন্তু প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ১২ মাসে সেখানে বন উজাড় আরও ১৫ শতাংশ বেড়েছে। এএফপি।