আমাজনে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে স্থগিতাদেশ
পরিবেশের ওপর বিরূপ প্রভাবের কথা বিবেচনা করে আমাজন নদীতে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিতের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। আদালতের বিচারক রোনাল্ড ডেসটেররো জানান, পরিবেশের বিপর্যয়রোধে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না হওয়ার কারণে বেলো মন্টে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিত করা হয়েছে। পাশাপাশি প্রকল্পটিতে দেশটির জাতীয় উন্নয়ন ব্যাংকের (বিএনডিইএস) অর্থায়নের ওপরও তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ডেসটেররো জানান, দেশটির পরিবেশ সংস্থা ইবামা থেকে পরিবেশ রক্ষার ২৯টি শর্ত পূরণ না করেই প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে শুধু আমাজন নয়, সিনগু নদীর প্রবাহও ক্ষতিগ্রস্ত হবে।দেশটির বিদ্যুৎ চাহিদা পূরণে প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু প্রকল্পটি হাতে নেওয়ার পর থেকেই তিনি পরিবেশবাদী ও স্থানীয় আদিবাসীদের প্রতিবাদের মুখে পড়েন। তাঁদের ভাষ্য হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাজন নদীকে ঘিরে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া জীবনযাত্রা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হবে এবং প্লাবিত হবে প্রায় ৫০০ বর্গকিলোমিটার এলাকা। বিবিসি।