ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমানতকারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সারদা গোষ্ঠীর প্রতারণার খবর ফাঁস হওয়ার পর রাজ্যের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে আমানতকারীরা অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন।গত মঙ্গলবার কাশ্মীরের একটি আবাসিক হোটেল থেকে সারদা গ্রুপের প্রধান সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গাড়িচালকের তথ্যের ভিত্তিতে তাঁকেসহ তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। সারদা গোষ্ঠীর আমানতকারীদের আন্দোলন এবং সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, তৃণমূলের সাংসদ, নেতাসহ জেলা পর্যায়ের নেতাদের সারদা গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কথা ইতিমধ্যে ফাঁস হয়ে পড়েছে।সারদা গোষ্ঠী তাদের মালিকানাধীন ১০টি সংবাদপত্র ও টিভি চ্যানেল হঠাৎ করে বন্ধ করার ঘোষণা দিলে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়টি মানুষের দৃষ্টিতে আসে। এরপরই আমানতকারীরা শুরু করেন অর্থ ফেরত পাওয়ার আন্দোলন। তাঁরা রাজ্যের বিভিন্ন জেলাসহ কলকাতার সারদা গোষ্ঠীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। আমানতকারীদের আন্দোলনের মুখে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ১০ এপ্রিল কলকাতা থেকে পালিয়ে যান। মঙ্গলবার সুদীপ্ত সেন এবং তাঁর তিন সঙ্গীকে কাশ্মীরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযোগ উঠেছে, সারদা গোষ্ঠী তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়মিত অর্থের জোগান দিয়ে আসছে। সুদীপ্ত সেন তাঁর প্রতিষ্ঠান থেকে অর্থগ্রহণকারী রাজনৈতিক নেতাদের নাম প্রকাশ করে দেন কি না, তা নিয়ে আতঙ্কে আছেন তাঁরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুদীপ্ত সেন কলকাতা ছাড়ার আগে ৬ এপ্রিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে একটি চিঠি লিখে যান। কাদের তিনি অর্থ দিয়েছেন—ওই চিঠিতে নাকি তিনি সেসব জানিয়েছেন।ওই গোষ্ঠীর সঙ্গে জড়িত সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে তৃণমূল সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষের পদত্যাগের দাবি উঠেছে। তিনি সারদা গোষ্ঠীর মিডিয়া-প্রধান ছিলেন। তিনি মাসে ১৬ লাখ রুপি বেতন নিতেন বলেও অভিযোগ রয়েছে। অর্থলগ্নি এসব প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে বলা হয় চিটফান্ড কোম্পানি। এই চিটফান্ড কোম্পানি বা স্বল্প সঞ্চয় প্রকল্পের অর্থলগ্নি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ এপ্রিল থেকে রাজ্যজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। কয়েকটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ইতিমধ্যে গা-ঢাকা দিয়েছেন। এর মধ্যে অন্যতম চিটফান্ড কোম্পানি সারদা গোষ্ঠী।