পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসংক্রান্ত বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি বলেছেন, যদি তাঁর পদত্যাগে বিষয়টির নিষ্পত্তি হয়, তাতে তিনি রাজি। লাহোরে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত রোববার তিনি এ মন্তব্য করেন।প্রেসিডেন্টের দুর্নীতিসংক্রান্ত ওই মামলাটি পুনরায় চালুর আবেদন জানিয়ে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ বরাবর চিঠি লেখার জন্য গিলানিকে ২১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এ ছাড়া একই দিনে গিলানির বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি হবে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত সময়সীমা নাকি আদালত অবমাননার দায়ে কারাবরণ—এ দুইয়ের মধ্যে কোনটি বেছে নেবেন—এ রকম প্রশ্নের জবাবে গিলানি ‘তৃতীয় পথ’ বেছে নেওয়া অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তৃতীয় পথটিই বেছে নেওয়ার জন্য প্রস্তুত, যদি এতে বিষয়টির মীমাংসা হয়। তবে আমার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীকেও এ রকম উভয় সংকটে পড়তে হবে।’প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডকে চিঠি লেখার ব্যাপারে কয়েক দিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী গিলানি। কারণ, পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এ ধরনের অভিযোগ থেকে রেহাই পাবেন। দুর্নীতির মামলা পুনরায় শুরুর ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রসঙ্গে গিলানি বলেন, সংবিধান লঙ্ঘনের পরিবর্তে বরং কারাবরণের পথই বেছে নেবেন তিনি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী গিলানি বলেন, ‘পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্টকে এ ধরনের অভিযোগ থেকে রেহাই দেওয়ার বিধান রয়েছে। বিষয়টি বিচারপতি নিয়োগ-প্রক্রিয়ার মতো। সংবিধান লঙ্ঘনের অধিকার আমার নেই। এমনকি প্রেসিডেন্ট নিজেও তা করতে পারেন না। আন্তর্জাতিক আইনেও প্রেসিডেন্টকে এ ধরনের অভিযোগ থেকে নিঃশর্ত রেহাই দেওয়ার বিধান রয়েছে। আমাদের সংবিধানে প্রেসিডেন্ট পদকে সর্বোচ্চ দায়মুক্তি দেওয়া হয়েছে। তিনি পার্লামেন্টের অপরিহার্য অংশ। অতএব, প্রেসিডেন্টের দায়মুক্তি প্রসঙ্গে আলোচনার জন্য সর্বোচ্চ আইন পরিষদই সবচেয়ে ভালো জায়গা।’ পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই) কর্তৃক রাজনীতিবিদদের অর্থ প্রদানসংক্রান্ত মামলার নেপথ্যে পাকিস্তান পিপলস পার্টির হাত রয়েছে—এ অভিযোগটি সঠিক নয় বলে অভিহিত করেন গিলানি। দেশটির রাজনীতিবিদদের আইএসআইর প্রদানসংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনি বলেন, বিচারকমণ্ডলী বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিষয়টির যৌক্তিক সমাপ্তি ঘটবে।সরকারের নিন্দুকদের সমালোচনা করেন গিলানি। বিশেষ করে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তাঁদের নীরবতার কারণ কী? নিজেদের নির্দোষ প্রমাণের জন্য তাঁরা আদালতে যেতে পারতেন। পিটিআই।