আমার ব্যক্তিগত আক্ষেপ আছে: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অং সান সু চি। মিয়ানমারের ভিন্নমতাবলম্বী ও গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী। শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীর জীবনের দুই দশকই কেটেছে কখনো গৃহবন্দী অবস্থায়, কখনো ইয়াঙ্গুনের অন্ধকার কারা প্রকোষ্ঠে।রাজনীতিক নন, একজন সাধারণ গৃহবধূ হিসেবেই জীবন শুরু করেছিলেন সু চি। বিয়ে করেন ১৯৭১ সালে। স্বামী ব্রিটিশ নাগরিক মাইকেল অ্যারিস। বিয়ের এক বছর পরই কোলজুড়ে আসে প্রথম সন্তান আলেক্সান্ডার। দ্বিতীয় সন্তান কিম আসে ১৯৭৭ সালে। স্বামী, সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে সুখেই ছিলেন সু চি।কিন্তু বিপত্তি আসে ১৯৮৮ সালে। মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতে ছুটে আসেন দেশে। তখন দেশজুড়ে চলছিল গণতন্ত্রের দাবিতে আন্দোলন। সেই আন্দোলন থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারেননি মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের তনয়া সু চি। রক্তে বইছিল তাঁর স্বাধীনতার স্রোতধারা। গঠন করলেন এনএলডি-ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।রাজনৈতিক দল গঠন করে মুহূর্তেই চক্ষুশূলে পরিণত হলেন সামরিক জান্তার। ১৯৮৯ সালে গৃহবন্দী করা হলো তাঁকে। পারিবারিক জীবনেরও সমাপ্তি ঘটল সেখানেই। সেই যে শুরু, এরপর প্রায় দুই দশক গৃহবন্দী ও কারাগারে কাটালেন তিনি। স্বামীর সঙ্গে শেষ দেখা ১৯৯৫ সালের বড়দিনে হলেও ছেলেদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এর চার বছর পর স্বামীকে হারান। ২০১০ সালে ১২ বছরের মধ্যে প্রথম ছোট ছেলে কিমের সাক্ষাৎ পান।গৃহবন্দী অবস্থায় পরিবারকে ভীষণ ‘মিস’ করেছেন। সু চি নিজেই বললেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটাতে না পেরে অবশ্যই আমার মধ্যে আক্ষেপ কাজ করছে।’ অথচ চাইলেই তিনি মুক্তি পেতে পারতেন। স্বামী-সন্তানদের নিয়ে অন্য আর দশজন নারীর মতো সংসার করতে পারতেন। কিন্তু তিনি জানতেন, স্বামী-সন্তানকে দেখতে একবার দেশ ছাড়লে আর কখনোই তাঁকে দেশে ঢুকতে দেওয়া হবে না। তাঁর স্বপ্নও পূরণ হবে না। তাই দেশ ও দেশের মানুষের স্বার্থে বন্দিজীবনকেই বেছে নিলেন।বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে গণতন্ত্রপন্থী এই নেত্রী আরও বলেন, তিনি সব সময় বিশ্বাস করতেন, মিয়ানমারের জনগণের সেবা করাটাই তাঁর নিয়তি। এমনকি বিয়ের আগে স্বামী মাইকেলকেও বলে রেখেছিলেন সবকিছুর আগে তাঁর দেশ। সু চি বলেন, ‘আমাদের সম্পর্কের শুরুতেই একটা বিষয় নিশ্চিত করতে চেয়েছি যে, আমার দেশ আমার কাছে বিশেষ কিছু। মিয়ানমারে ফিরে যেতে হলে আমার জন্য দরকারি সবকিছুই তাঁকে (মাইকেল) করতে হবে। তিনি কখনোই আমার ও আমার দেশের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেননি।’ বিবিসি।