আমার মেয়েকে'বলির পাঁঠা' বানানো হয়েছে

নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটর ডেপুটি কনসাল জেনারেল দেবযানির বাবা উত্তম খোবরাগাড়ে আজ মঙ্গলবার জানিয়েছেন, তাঁর মেয়েকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। দেবযানিকে দেশে ফিরিয়ে আনার জন্য উত্তম খোবরাগাড়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ কামনা করেছেন।উত্তম খোবরাগাড়ে টাইমস আব ইন্ডিয়াকে বলেন, সরকার তাঁর মেয়েকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দুই দেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর মেয়েকে বলির পাঁঠা বানানো হয়েছে।
নিউইয়র্কে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে (৩৯) গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন গৃহকর্মীকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যেসব তথ্য দিয়েছেন, তাতে মিথ্যাচার করেছেন। যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দেবযানি ওই গৃহকর্মীকে যে মজুরি দিচ্ছেন, তা যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী সর্বনিম্ন মজুরির চেয়ে কম। দেশটিতে সর্বনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা।
যুক্তরাষ্ট্র পুলিশ দেবযানিকে কারাগারে বিবস্ত্র করে তল্লাশি করেছে, মাদকাসক্তদের সঙ্গে একই কক্ষে আটক করে রেখেছে এবং তাঁর ডিএনএ নমুনাও সংগ্রহ করেছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন পুরো বিষয়টি ‘ঘৃণ্য ও বর্বর’ বলে অভিহিত করেছেন।
দেবযানির বাবা বলেন, যদি দেবযানিকে গ্রেপ্তার করতেই হয়, ‘সঠিক মর্যাদা বজায় রেখে তাঁকে গ্রেপ্তার করা উচিত। আমার মেয়ের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে দেখা করব।’
দেবযানিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধে ও নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের কংগ্রেশানাল ডেলিগেশনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন।