আমার লুকানোর কিছু নেই: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, টেলিযোগাযোগ খাতে টু জি লাইসেন্স দেওয়া নিয়ে দুর্নীতির যে প্রমাণ মিলেছে, সে বিষয়ে তাঁর লুকানোর কিছু নেই। গতকাল সোমবার রাজধানী নয়াদিল্লির কাছে বুরারিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সম্মেলনে তিনি এ কথা বলেন।ভারতে ২০০৮ সালে টু জি বা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছেন সে দেশের তদন্ত কর্মকর্তারা। যথাযথ প্রক্রিয়ায় ওই লাইসেন্স না দেওয়ায় ভারত সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে পদত্যাগ করেছেন টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা। টেলিযোগাযোগ খাতের বিশাল এই দুর্নীতি যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মাধ্যমে তদন্ত করার দাবি করছে বিরোধী দল। গত ৯ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে এই দাবিতে তারা পার্লামেন্ট অচল করে রাখে।জেপিসির মাধ্যমে তদন্ত করার দাবি প্রত্যাখ্যান করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, জেপিসি তাঁকে তলব করার ক্ষমতা পাবে, তাই সরকার জেপিসির মাধ্যমে তদন্ত করতে চাইছে না—বিরোধীদের এমন অভিযোগ ঠিক নয়। বরং তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের কাছে লিখিতভাবে জানাবেন যে তিনি পিএসির মুখোমুখি হতে রাজি। পিএসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিরোধী দল বিজেপির নেতা মুরলি মনোহর জোশি।বিবিসি, এএফপি।