আমার হূদয় ভেঙে গেছে অর্থবহ ব্যবস্থা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের একটি স্কুলে আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় ‘অর্থপূর্ণ ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওবামা বলেন, ‘আমার হূদয় ভেঙে গেছে। নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সবাই মিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’যুক্তরাষ্ট্রে এতদিন অস্ত্র নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তাঁর আবেগঘন বক্তৃতার পর সেই উদ্যোগ নেওয়া হয় কিনা সেটা এখন দেখার বিষয়।কানেটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে অ্যাডাম ল্যানজা (২০) নামের এক অস্ত্রধারী তরুণ গত শুক্রবার গুলি করে ২০ শিশু এবং ছয় ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা করেন। বিদ্যালয়ে যাওয়ার আগেই ল্যানজা তাঁর মাকে হত্যা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।কানেটিকাট পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট পল ভ্যান্স বলেন, ওই হামলা থেকে কেবল এক ব্যক্তি আহতাবস্থায় প্রাণে বেঁচে যান। নিহত শিশুরা ৫ থেকে ১০ বছর বয়সী।মার্কিন সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে বিদ্যালয়ের অধ্যক্ষও রয়েছেন। আত্মঘাতী হামলাকারীর সঙ্গে তাঁর ভাই রায়ান ল্যানজার পরিচয়পত্র ছিল। পুলিশ রায়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর শত শত লোক প্রার্থনা সমাবেশে যোগ দেন। কেউ কেউ জ্বলন্ত মোমবাতি বহন করেন। কানেটিকাটের গভর্নর ড্যান ম্যালয় বলেন, ‘আমাদের সমাজে শয়তান হানা দিয়েছিল।’যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগেও বন্দুকধারীদের হামলা হয়েছে। ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে ২০০৭ সালে এ রকম এক হামলায় ৩২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল। ওই ঘটনার পর ভয়াবহতার বিবেচনায় কানেটিকাটের ঘটনাটিকে দ্বিতীয় স্থানে রাখা হচ্ছে।বিশ্বব্যাপী শোক: কানেটিকাটের স্কুলে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসো, যুক্তরাজ্যের রানি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো প্রমুখ শোক প্রকাশ করেন।ইরানের নিন্দা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাসাত যুক্তরাষ্ট্রে শিশুসহ ২৭ জনকে হত্যার ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন। তিনি ওই হামলার নিন্দা জানিয়ে বলেন, গাজা, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক বা সিরিয়া যেখানেই হোক না কেন, সশস্ত্র হামলায় নিহত শিশু-কিশোরদের মধ্যে কোনো পার্থক্য নেই। এএফপি ও বিবিসি।