আমাল আহমেদের যত কথা
আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন ৪৩ বছর বয়সে বিয়ে করেন আমাল আহমেদ আবদুলফাত্তাহকে। ইয়েমেনি এই নারীর তখন বয়স ছিল মাত্র ১৮ বছর। ৯/১১ হামলার ঘটনার পরপরই এই দম্পতির একটি কন্যাসন্তান হয়। লাদেনের পঞ্চম স্ত্রীর ঘরে এই একটিই সন্তান।আমাল আহমেদের এক আত্মীয় আহমেদ বলেছেন, ২০০০ সালে লাদেনের সঙ্গে তাঁর যখন বিয়ে হয়, তখন তিনি ছিলেন খুবই শান্ত ও নম্র। সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। আত্মপ্রত্যয়ী ছিলেন আমাল আহমেদ। রক্ষণশীল পরিবারের মেয়ে হলেও চালচলনে ছিলেন আধুনিক।সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আহমেদ আরও বলেন, আমালকে শৈশব থেকে তিনি চেনেন। ইয়েমেনের ইব শহরের আর দশটা প্রতিষ্ঠিত পরিবারের মতোই তাঁদের পরিবার। বেশ নামডাক আছে পরিবারটির। তবে এটা নিশ্চিত করে বলা যায়, আল-কায়েদার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমালের পরিবারের দৃষ্টিভঙ্গির কোনো মিল নেই। আহমেদ বলেন, পারিবারিকভাবে লাদেনের সঙ্গে আমালের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমালের পরিবারের সঙ্গে আল-কায়েদার কোনো সম্পর্ক ছিল না। একজন ঘটক তাঁদের বিয়ের ব্যবস্থা করেছেন বলে শোনা যায়। তবে এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। আমালের মা-বাবা ও ভাইবোনদের প্রসঙ্গে বলতে গিয়ে আহমেদ বলেন, ‘মোটের ওপর সে (আমাল) একজন অসাধারণ মানুষ। ইবের একটি বড় পরিবারের মেয়ে তিনি। রক্ষণশীল মনোভাবের অধিকারী হলেও জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই পরিবারটির।’ লাদেনের বিষয়ে প্রকাশ্যে কিছু না বলতে আমালের পরিবারের ওপর ইয়েমেন সরকারের নির্দেশ আছে বলে জানান আহমেদ। তিনি বলেন, ‘আমি যত দূর জানি, লাদেনের বিষয়ে গণমাধ্যমে কথা না বলতে আমালের পরিবারের ওপর সরকারের চাপ রয়েছে। সরকার বলেছে, তাঁরা (আমালের পরিবার) যে বক্তব্যই দিক না কেন, গণমাধ্যম তা ভুল বুঝতে পারে অথবা ভুল ব্যাখ্যা করতে পারে। এতে সরকারের চেয়ে ওই পরিবারটিই বেশি কষ্ট পাবে।’ সিএনএন।