আমালের মুক্তি চাইলেন তাঁর ভাই
ওসামা বিন লাদেনের ছোট স্ত্রী আমাল আহমেদের মুক্তি চেয়েছেন তাঁর ভাই জাকারিয়া আল-সাদা। ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে ওসামা নিহত হওয়ার পর পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে বন্দী হন আমাল। ওই অভিযানে পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন তিনি। বর্তমানে ইসলামাবাদের কাছে একটি সামরিক হাসপাতালে আটক অবস্থায় চিকিৎসাধীন আছেন ২৯ বছর বয়সী আমাল।ইয়েমেনের রাজধানী সানায় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে জাকারিয়া বলেন, ওসামা নিহত হওয়ার পর আমালকে পাকিস্তানে আটকে রাখা অযৌক্তিক। ২৪ বছর বয়সী জাকারিয়া সানা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি আরও বলেন, আমালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।আমালকে তাঁর সন্তানসহ নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে জাকারিয়া বলেন, ‘পাকিস্তান ও ইয়েমেন সরকারের কাছে আমরা এই আবেদন জানিয়েছি।’ তিনি আরও বলেন, ১৯৯৯ সালে বিন লাদেনের সঙ্গে বিয়ের পর থেকে আমালের সঙ্গে তাঁর পরিবারের কোনো যোগাযোগ হয়নি।পারিবারিক রীতি মেনে এবং উভয় পক্ষের সম্মতিতে বিন লাদেনের সঙ্গে আমালের বিয়ে হয়েছিল। বিয়ের সম্বন্ধ এনেছিলেন রাশদা মোহাম্মেদ সাইদ ওরফে আবু আল-ফিদা নামের এক ব্যক্তি। তিনি এখন আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার একজন সদস্য।আমালের পরিবার বিন লাদেনের কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকে জানলেও এ বিয়ের ব্যাপারে কোনো আপত্তি করেনি। অবশ্য যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার আগেই বিয়ে সম্পন্ন হয়েছিল।রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ করার সময় বিন লাদেনকে একজন ইসলামি যোদ্ধা হিসেবেই দেখত ইয়েমেনের লোকজন। জাকারিয়া বলেন, ‘১৯৯৯ সালে বিন লাদেনকে একজন স্বাধীনতা-সংগ্রামী হিসেবে সম্মান করা হতো। কারণ, তিনি সোভিয়েত দখলদারির বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এটা ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আগের অবস্থা। তাই আমার বাবা এ বিয়েতে সম্মতি দিয়েছিলেন। বিন লাদেনের বিরুদ্ধে তখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং কেউ তাঁকে সন্ত্রাসীও মনে করত না।’আমালকে বিয়ের জন্য পাঁচ হাজার মার্কিন ডলার দেনমোহর দিয়েছিলেন বিন লাদেন। আফগানিস্তানে তাঁদের বিয়ে হয় এবং অল্প সময়ের মধ্যেই তাঁদের মেয়ে সাফিয়ার জন্ম হয়।বোনকে একজন ধার্মিক নারী উল্লেখ করে জাকারিয়া বলেন, মার্কিন অভিযানে আমালের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর থেকেই তাঁদের পরিবার উদ্বিগ্ন। এমনকি আমালকে মুক্তি দেওয়া হবে বলে পাকিস্তানি কর্তৃপক্ষ বলার পরও তাঁরা মনে করছেন, আমালকে গুরুত্বপূর্ণ একজন বন্দী হিসেবে আটক রাখবে সিআইএ ও আইএসআই।জাকারিয়া বলেন, ‘আমার মা অনবরত কাঁদছেন। প্রথমে আমরা শুনেছিলাম, আমালকে হত্যা করা হয়েছে। আমরা জানি, যুক্তরাষ্ট্র চাইলে বিন লাদেনের সঙ্গে তাঁকেও মেরে ফেলতে পারত। এ বিষয়টাই আমাদের চিন্তার কারণ। কিন্তু আল-কায়েদা বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে আমালের কোনো সম্পর্ক নেই। কোনো আইনেই তাঁকে অপরাধী বলা যাবে না। আন্তর্জাতিক আইন অনুসারে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, বিন লাদেন-আমাল দম্পতির সন্তানসংখ্যা তাঁর জানা নেই। তাঁরা শুধু একটি সন্তানের কথাই জানতেন। তবে পাকিস্তানের ওই বাড়িতে পাওয়া বিন লাদেনের ১২ জন সন্তানের মধ্যে আরও অন্তত একজন আমালের বলে তাঁর ধারণা।জাকারিয়া বলেন, এটা একটা অমানবিক পরিস্থিতি। এই শিশুরা চোখের সামনে নিজের বাবাকে হত্যা করতে দেখেছে। তাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া উচিত। নিরস্ত্র আমালকেও বিনা কারণে গুলি করা হয়। রয়টার্স।