আমি কানাডিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সেন্ট লরেন্স নদীর অববাহিকায় ওন্টারিও, কুইবেক, নোভাস্কোশিয়া এবং নিউ ব্রান্সউইক—এই চারটি অঞ্চল নিয়ে ১৮৬৭ সালের ১ জুলাই ‘কানাডা ডোমিয়ন’ পরবর্তী সময়ে কানাডা কনফেডারেশনের যাত্রা শুরু। পর্যায়ক্রমে ১০টি প্রদেশ এবং ৩টি টেরিটোরি নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র বর্তমান কানাডা। উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% ভূমি নিয়ে গঠিত পৃথিবীর শীতলতম দেশ। কানাডার কনফেডারেশনের ১৫০তম পূর্তি পালিত হচ্ছে ২০১৭ সালের ১ জুলাই।


আমি নিউ ফাউন্ডল্যান্ডের চিংড়ি শিকারি

প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের আড্ডা।
আমি বনভোজন, সান্ধ্য ভোজসভা
মায়ের হাতে বানানো স্বাদের পিঠা।

আমি ফ্রেডেরিকটনের লিজিয়ন হলে সম্পাদিত চুক্তি
মংকটন শহরে ঘুড়ি উৎসবের ঘুড়িয়াল
ক্লান্ত পরিশ্রান্ত দিনে করিডরে বিকেলের ঘুম।
আমি নোভাস্কোশিয়ার ট্রুরো শহরের স্নো-বল খেলা
শিশুদের দড়ি লাফানো, মহান যুদ্ধে সন্তান হারা মা।
আমি সেই বর যার আঙুলে আংটি নববধূর
এক বুক আশা।

আমি প্রাচ্য—আমি প্রতীচ্য
আমি এসেছি উত্তর থেকে
আমি এসেছি দক্ষিণ থেকে
আমি দুটি বিস্তীর্ণ সমুদ্রে সাঁতার কেটেছি
আমি ভালোবাসি সমুদ্র।

আমি কুইবেক কানির্ভালের সঙ
সেন্টপল ক্যাথিড্রালের গণজমায়েত
ফোরামের হকি খেলা
আমি রকেট রিচার্ড, জ্যঁ বেলিভ্যু
আমি কিশোর হকি দলের কোচ
দুষ্টু ছেলে-মেয়েদের ঘুমপাড়ানিয়া বেবিসিটার।

আমি অটোয়া নদীর ভাটিতে যাওয়া ডিঙি নৌকা
ট্রেন্ট নদীতে কাটানো ছুটির দিন।
আমি মর্টগেজ, আমি লোন
গত সপ্তাহের বকেয়া ভাড়া।
আমি ইয়র্কভিলে নেমে আসা সন্ধ্যা
পার্কের ভেতরে হাঁটা।

আমি উইনিপেগের গোল্ড আই মাছ
হাতে বানানো মাছ ধরার বড়শি।
আমি আদিগন্ত গমের খেত
প্রেইরি তৃণভূমির সূর্যাস্ত।
আমি স্যার জন এ ম্যাকডোনাল্ড
আমি আলেকজান্ডার গ্রাহাম বেল
আমি পাও-আও নাচের নৃত্যানন্দ
আমি বিদ্রোহী লুইস রিল।

আমি ক্যালিগ্যারির বার্ষিক উৎসবের স্ট্যাম্পপেড
আমি সার্সিস আদিবাসীর পালকের মুকুট।
আমি এডমন্টনের রাত, বারের ঝগড়া
আমি জাহাজের সারেং
আমি বিড়াল
আমি কাউবয় হ্যাট
ব্রিটিশ কলম্বিয়ার বেনামি পাহাড়।

আমি ম্যাপল ট্রি, টোটেম পোল ভাস্কর্য।
রৌদ্র ঝলসিত আয়েশী স্নান
বাগান থেকে তুলে আনা তরতাজা ফুল।
আমি দ্বীপ থেকে দ্বীপ পারাপারের ফেরি।
আমি ইয়ুকন, নর্থওয়েস্ট টেরিটোরি
আর্কটিক মহাসাগর, বোওফোর্ট সমুদ্র
আমি প্রেইরি, আমি গ্রেটলেক
আমি রকি, আমি লরেনশিয়ানস।
আমি ফরাসি
আমি মেইটি
আমি ইংরেজ
এ সবকিছুর উপর আমি কানাডিয়ান
আমি অবিরল মুক্ত,
আমি স্বাধীন...

অনুবাদ: পারভেজ চৌধুরী

• ডিউক রেডবার্ড: কানাডিয়ান কবি। সাওগীন আদিবাসী। ওন্টারিওর সাউথ হ্যাম্পটনে জন্ম, ১৯৩৯ সালে। ছয় দশকের শুরুতে তাঁর লেখালেখি শুরু। প্রথমে বিভিন্ন কফি হাউস, লোক উৎসব এবং থিয়েটারে তাঁর পাঠ এবং নাট্যক্রিয়া পরিবেশিত হয়। এরপর থেকে কানাডাজুড়ে নাম ও খ্যাতি। কানাডার ফার্স্ট নেশনের এক উচ্চকিত কণ্ঠ। কবি ডিউক রেডবার্ড লেখালেখির পাশাপাশি টেলিভিশন ফিকশন এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত। প্রকাশিত গ্রন্থ: আই এম কানাডিয়ান (১৯৭৮), লাভ শাইন অ্যান্ড রেড ওয়াইন (১৯৮১), রেড অ্যান্ড হোয়াইট (১৯৮১), উই আর মেটিস ইত্যাদি।