আমি কোনো সন্ত নই: ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা বলেছেন, তিনি কোনো সাধু-সন্ত নন। মানুষ হিসেবে তাঁরও দুর্বলতা, ভুলত্রুটি ও অসাবধানতা রয়েছে। সদ্য প্রকাশিত ‘কনভারসেশনস উইথ মাইসেলফ’ বইতে শান্তিতে নোবেলবিজয়ী ম্যান্ডেলা এই মন্তব্য করেছেন। বইটির কিছু অংশ গতকাল রোববার দেশটির সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছে। বইতে ম্যান্ডেলা বলেন, ‘একটি গ্রামের ছেলে যেসব দুর্বলতা, ভুলত্রুটি ও অসাবধানতার মধ্য দিয়ে বেড়ে ওঠে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এলাকার পারিপার্শ্বিকতা ও যেসব কলেজে পড়তে গেছি সেখানকার পরিবেশ আমার দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে রূপ দিয়েছে।’ম্যান্ডেলা আরও বলেন, ‘কারাগারে থাকাবস্থায় বিশ্বের মানুষ আমাকে সন্ত মনে করত, যা ছিল আমার নিয়ন্ত্রণের বাইরে। এ বিষয়টি আমাকে গভীরভাবে বিচলিত করত।’দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের কারাদণ্ড হয়। ১৯৯০ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যান্ডেলা। এএফপি।