আমি জাদুকর নই যে নিমেষে দাঙ্গা বন্ধ করব: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের জাতিগত বিরোধ নিয়ে একটি বিরল মন্তব্য করলেন দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। তিনি বলেছেন, তিনি কোনো জাদুকর নন। তাই দেশের দীর্ঘদিনের জাতিগত বিরোধ নিরসন তাঁর পক্ষে সম্ভব নয়।গতকাল বুধবার টোকিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন সু চি। তবে জাতিগত বিরোধ দমনে নিজের মতামত ব্যক্ত করে গণতন্ত্রপন্থী এই নেত্রী বলেছেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে আইনের শাসন প্রতিষ্ঠা দরকার। পাশাপাশি জাতিগত বিরোধে জড়িত সব পক্ষকে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে।সম্প্রতি মিয়ানমারের মিকতিলা শহরে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে এক সহিংসতায় ৪৩ জন নিহত হয়। পরে দেশব্যাপী এই সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ভুক্তভোগী মানুষের বেশির ভাগই মুসলিম। কিন্তু সু চি তাঁর বক্তব্যের কোথাও ভয়াবহ এই ঘটনা উল্লেখ করেননি।শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী বলেন, ‘আমি আগেই বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা...এটা কেবল আইন-আদালতের বিষয় নয়; এর সঙ্গে প্রশাসন, সরকার, আমাদের পুলিশ বাহিনী ও তাদের প্রশিক্ষণও জড়িত।’ তিনি বলেন, মিয়ানমারের আদালতব্যবস্থায় গণতান্ত্রিক মানদণ্ড নেই। এটা ‘সম্পূর্ণ নির্বাহী বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত’। দেশটির জাতিগত বিরোধ দমনে ব্যর্থ হওয়ায় সু চির ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন হয়েছে। তিনি এর আগে প্রকাশ্যে এ নিয়ে তেমন একটি কথাও বলেননি। সু চি বলেন, ‘তাঁরা চান, এই জাতিগত বিরোধ দমনের উপায় নিয়ে আমি যেন কথা বলি...কিন্তু আমি জাদুকর নই। যদি তা-ই হতাম, তাহলে বলতাম “দূর হও”, (জাতিগত বিরোধ) দূর হয়ে যেত। এ ধরনের বিরোধ দমনে দীর্ঘ সময়ের প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমাদের এমন একটি নিরাপত্তা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ একসঙ্গে বসতে ও ভাব বিনিময় এবং মুক্তচিন্তা করতে পারে।’ রয়টার্স।