আমি নিজেই খ্রিষ্টধর্ম বেছে নিয়েছি: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি নিজেই খ্রিষ্টধর্ম বেছে নিয়েছেন। গত মঙ্গলবার নিউ মেক্সিকোতে ভোটারদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সাম্প্রতিক বিভিন্ন জরিপ অনুযায়ী, মার্কিন নাগরিকদের অনেকেই ওবামাকে মুসলিম বলে মনে করে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে সম্প্রতি বেশ জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে, ওবামা খ্রিষ্টধর্মানুসারী এবং তিনি গির্জায় গিয়ে নিয়মিত প্রার্থনা করেন।নিউ মেক্সিকোতে একজন নারী ওবামার কাছে জানতে চান, তিনি কেন খ্রিষ্ট্রধর্ম পালন করেন। জবাবে ওমামা বলেন, ‘আমি নিজেই এ ধর্ম বেছে নিয়েছি।’মার্কিন প্রেসিডেন্ট জানান, নিয়মিত গির্জায় যায়, এমন পরিবারে তিনি বেড়ে ওঠেননি। কিন্তু বড় হওয়ার পর তিনি নিজেই এ ধর্ম বেছে নেন। কেননা, তিনি যেভাবে জীবনযাপন করতে চান, যিশু খ্রিষ্টের প্রচারিত আদর্শে তার সন্ধান পেয়েছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যারা ঈশ্বরে বিশ্বাস করেন না এবং অজ্ঞেয়বাদী, এ দেশ তাদের জন্যও।গত আগস্টে টাইম সাময়িকীর এক জরিপ থেকে জানা যায়, মার্কিন নাগরিকদের মধ্যে ২৪ শতাংশ ওবামাকে মুসলিম বলে মনে করে। পিউ ফোরাম অন রিলিজিওন ও পাবলিক লাইফের অন্য এক জরিপ অনুযায়ী, দেশের ১৮ শতাংশ মানুষ মনে করে, তাদের প্রেসিডেন্ট মুসলিম।৯/১১ সন্ত্রাসী হামলার স্থান নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে মসজিদসহ একটি ইসলামিক সেন্টার তৈরির পরিকল্পনা নিয়ে বিতর্কের সময় ওই সব জরিপ চালানো হয়। অনেকে বিরোধিতা করলেও ওবামা এই পরিকল্পনার পক্ষে। এএফপি।