আমি পশ্চিমাবিরোধী নই: ইমরান খান
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান বলেছেন, তিনি পশ্চিমাবিরোধী নন। ইন্টারনেটের মাধ্যমে গত শুক্রবার আটলান্টিক সোসাইটি নামের একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, তাঁর স্বপ্ন হচ্ছে এমন একটি ইসলামি সমাজ প্রতিষ্ঠা করা, যা হবে অনেকটা স্ক্যান্ডিনেভিয়ার মতো। ইমরান খান তাঁর চিন্তাভাবনা পশ্চিমাবিরোধী বলে প্রচলিত ধারণা প্রত্যাখ্যান করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সময় পশ্চিমা দেশে কাটিয়ে আসা গুটিকয়েক পাকিস্তানি রাজনীতিবিদের মধ্যে তিনি একজন। পশ্চিমাবিরোধী বলতে আসলে কিছুই বোঝায় না। পশ্চিম মানে ভূগোল। একজন মানুষ কীভাবে ভূগোলবিরোধী হতে পারে?অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ইমরান বলেন, ‘আমেরিকাবিরোধী হতে গেলে সমগ্র দেশটির বিরোধী হতে হবে। নানামুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন বিপুলসংখ্যক মানুষের একটি দেশের প্রত্যেকের বিরোধিতা কীভাবে সম্ভব? আমি সব সময় মার্কিনদের সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিরোধিতা করি। এই যুদ্ধকে আমি পাগলামি মনে করি।’ এএফপি।