
রাহুল গান্ধী দুই দিনের সফরে নরেন্দ্র মোদির গুজরাটে গেছেন। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর গান্ধীনগরের বাসভবন থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম পরিদর্শনের মধ্য দিয়ে সফর শুরু করেন রাহুল।
আশ্রমে দর্শনার্থীদের জন্য রাখা খাতায় রাহুল লিখেছেন, ‘এ আশ্রমে আসতে পেরে আমি সম্মানিত বোধ করি। আমি মহাত্মা গান্ধী ও তাঁর মতাদর্শের অনুসারী।’
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী রাজ্যের রাজকোট সফর করবেন। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে বিজেপি নেতা নরেন্দ্র মোদি এই রাজকোট আসন থেকেই প্রার্থী হয়েছিলেন। এখনো এই আসনটিতে তাঁর দলের দাপট রয়েছে বলে ধারণা করা হয়।
অনেকে মনে করেন, আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে মোদি ও রাহুলের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। মোদিকে কিছুদিন আগে দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। অন্যদিকে সরাসরি ঘোষণা না দিলেও কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতারা বলে আসছেন, আগামী নির্বাচনে রাহুলই নেতৃত্ব দেবেন এতে সংশয় নেই।
নির্বাচনকে সামনে রেখে মোদি ও রাহুল প্রায়ই পরস্পরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন। এনডিটিভি।