আমি সুস্থ আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল রোববার জোর দিয়ে বলেছেন, তিনি সুস্থ আছেন। গত শনিবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগর মান্দালয়ে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সু চি কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে সু চি জানান, তিনি সুস্থ আছেন। সু চি গতকাল মান্দালয়ের সাগায়িংয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালান। তাঁর বক্তব্য শুনতে আসা হাজার হাজার লোকের উদ্দেশে সু চি বলেন, ‘আমি গতকাল ভালো বোধ না করলেও জনগণের ভালোবাসার কারণে আমি আজ ভালো বোধ করছি। আমি এখন সুস্থ আছি।’নির্বাচনী প্রচারণা চলাকালে অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁকে অভিনন্দন জানান। এ সময় সু চিকে অনেকটা ক্লান্ত দেখায়। শুভানুধ্যায়ীরা উচ্চকণ্ঠে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।শনিবার লক্ষাধিক মানুষের বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ৬৬ বছর বয়সী সু চি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি কিছু সময় বিরতি নিতে বাধ্য হন। দলীয় সূত্র জানায়, সু চি জনসভা মঞ্চে ফিরে যাওয়ার আগে কয়েকবার বমি করেন। এএফপি।