আমিই বিন লাদেনের সন্ধান দিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন মার্কিন ব্যবসায়ী দাবি করেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন যে পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সে তথ্য তিনিই দিয়েছিলেন। টম লি নামে ওই ব্যবসায়ী বলছেন, মার্কিন কমান্ডো অভিযানে লাদেন নিহত হওয়ার কয়েক বছর আগেই তিনি এ তথ্য দিয়েছিলেন। এ জন্য তিনি ঘোষিত পুরস্কার হিসেবে আড়াই কোটি ডলার দাবি করেছেন।
৬৩ বছর বয়সী টম লি পেশায় রত্ন ব্যবসায়ী। তাঁর নিযুক্ত আইনি সহায়তা প্রতিষ্ঠানের চিঠিতে দাবি করা হয়েছে, অ্যাবোটাবাদের একটি বাড়িতে বিন লাদেনের অবস্থান করার তথ্য ২০০৩ সালেই জানিয়েছিলেন ব্যবসায়ী লি। চিঠিটি পাঠানো হয়েছে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমের উদ্দেশে। গত আগস্ট মাসে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানি একজন গোয়েন্দা এজেন্ট লিকে জানিয়েছিলেন, তিনি বিন লাদেন ও তাঁর পরিবারকে পেশোয়ার থেকে সুরক্ষা দিয়ে অ্যাবোটাবাদে পৌঁছে দিয়েছেন।
চিঠির ভাষ্যমতে, লি ওই গোয়েন্দা তথ্য মার্কিন শুল্ক বিভাগ ও এফবিআইয়ের গোয়েন্দাদের জানান। এতে বলা হয়, পাকিস্তানি যে এজেন্ট লিকে তথ্য দিয়েছেন, তাঁর পরিবারের সঙ্গে লি কয়েক দশক ধরে ব্যবসা করছেন। পরিবারটি লাদেনবিরোধী বলেও জানানো হয়েছে চিঠিতে।
এফবিআই এ চিঠির ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। টেলিগ্রাফ।