আমিরাতে সাড়ে আট হাজার বছরের পুরোনো ভবনের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুধাবির পশ্চিমে অবস্থিত ঘাঘা দ্বীপে ভবনগুলোর অবস্থান শনাক্ত হয়
ছবি: ডিসিটি আবুধাবি টুইটার পেজ থেকে সংগৃহীত

সাড়ে আট হাজার বছরের পুরোনো কিছু ভবনের সন্ধান পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রত্নতাত্ত্বিকেরা। দেশটিতে এখন পর্যন্ত উন্মোচিত হওয়া সবচেয়ে পুরোনো ভবন এগুলো। এর আগে সবচেয়ে পুরোনো যে ভবনের সন্ধান পাওয়া গিয়েছিল তার চেয়ে পাঁচ শতাধিক বছর আগে তৈরি হয়েছে নতুন আবিষ্কৃত ভবনগুলো। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন করে যে প্রত্নতাত্ত্বিক অবকাঠামোগুলো পাওয়া গেছে, তা সাধারণ কিছু গোলাকার কক্ষবিশিষ্ট। এগুলোর দেয়াল পাথরের তৈরি। দেয়ালের প্রায় এক মিটার উচ্চতা পর্যন্ত অবশিষ্ট আছে এখনো। আবুধাবির পশ্চিমে অবস্থিত ঘাঘা দ্বীপে ভবনগুলোর অবস্থান শনাক্ত হয়। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক কর্মসূচি চলার সময় এগুলোর সন্ধান পাওয়া যায়।

সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক দল বলছে, এগুলো দ্বীপ এলাকায় বসবাসকারী মানুষের বাড়িঘর ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে অনুমান করা হচ্ছে, দূরবর্তী এলাকায় সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার আগে থেকেই সেখানে নিওলিথিক যুগের বসতি ছিল। স্থানীয় অর্থনৈতিক ও পরিবেশগত অবস্থানের কারণে অনেকে ওই দ্বীপ এলাকায় বসতি স্থাপনে আকৃষ্ট হতেন বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকেরা।

ভবনগুলোর পাশাপাশি শত শত প্রাচীন নিদর্শনেরও সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে পাথরের কাজ করা ধনুকও আছে। এগুলো শিকারের কাজে ব্যবহার করা হতো। প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন, ওই এলাকার বাসিন্দারা সমুদ্রের বিভিন্ন সম্পদও ব্যবহার করতেন।

তবে ঠিক কত সাল পর্যন্ত ভবনগুলো ব্যবহৃত হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি প্রত্নতাত্ত্বিকেরা। ওই স্থানে প্রায় পাঁচ হাজার বছর আগে সমাহিত করা একজনের দেহাবশেষও পেয়েছেন তাঁরা। আবুধাবিতে সন্ধান পাওয়া হাতে গোনা প্রাচীন সমাধিগুলোর একটি এটি।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের চেয়ারপারসন মোহামেদ আল মুবারক বলেন, ঘাঘা দ্বীপে ভবনগুলো আবিষ্কারের মধ্য দিয়ে এটা জানা যাচ্ছে যে হাজার বছর ধরে এ অঞ্চলের বাসিন্দারা উদ্ভাবন, স্থায়িত্ব ও স্থিতিস্থাপকতার বৈশিষ্ট্য বহন করে চলেছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে সন্ধান পাওয়া সবচেয়ে পুরোনো ভবনের অবস্থান ছিল মারাওয়াহ দ্বীপে। এটিও আবুধাবি উপকূলে অবস্থিত। ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে পুরোনো মুক্তার সন্ধানও এখানেই মিলেছিল।