ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী স্মৃতি ইরানির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক সচিব প্রীতি সাহেকে আমেথি ছাড়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)৷ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে তাঁর বিরুদ্ধে কমিশনের অনুমতি ছাড়াই কেন্দ্রে প্রবেশের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ অনুরোধ জানানো হয়৷
বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি অভিযোগ তোলার পর প্রীতি সাহেকে নিয়ে বিতর্ক শুরু হয়৷ স্মৃতি ইরানি আমেথিতে প্রিয়াঙ্কার বড় ভাই ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বিপক্ষে নির্বাচন করছেন৷
এক ভিডিওতে দেখা যায়, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রীতি সাহেকে বিজেপিপ্রার্থী প্রশ্ন করছেন, ‘আপনি এখানে কী করছেন? এ আসনে আপনার ঢোকার এখন তো কোনো অনুমতি নেই৷’
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো আসনের নিবন্ধিত ভোটার নন কিংবা আসনটিতে কোনো প্রার্থীর প্রতিনিধিত্ব করেন—এমন বহিরাগত ব্যক্তিকে নির্বাচনী প্রচারণার মেয়াদ শেষে সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে হয়৷ এনডিটিভি৷