আমেথির পারিবারিক রাজনীতিকে চ্যালেঞ্জ এএপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের আমেথিতে আজ রোববার জনসভা করবেন আম আদমি পার্টির (এএপি) নেতা

কুমার বিশ্বাস
কুমার বিশ্বাস

। আমেথির পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতি অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। এ আসনটি ক্ষমতাসীন দল কংগ্রেসের গান্ধী পরিবারের ঘাঁটি বলে পরিচিত।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আমেথির জনসভায় যাওয়ার পথে একদল লোক বিশ্বাসকে কালো পতাকা দেখিয়েছে। এ ছাড়া এই সফরের প্রতিবাদে লক্ষেৗ-আমেথি মহাসড়কে কংগ্রেস-সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেথিতে প্রার্থী হচ্ছেন বিশ্বাস। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেননি।

আমেথির জনসভা সামনে রেখে বিশ্বাস বলেছেন, সেখানকার মানুষকে তিনি তাঁর পরিকল্পনার কথা বলবেন। একই সঙ্গে পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতি অবসানের আহ্বান জানাবেন।

জনসভায় যাওয়ার পথে বিশ্বাস বলেছেন, ‘আমেথিকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমি আম আদমি। আর তিনি (রাহুল) যুবরাজ। আমেথি চাইলে পারিবারিক রাজনীতি থেকে মুক্তি পেতে পারে। এটা হার-জিতের বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো আমরা পারিবারিক রাজনীতি ও দুর্নীতিকে চ্যালেঞ্জ করছি।’
আজ সকালে টুইটারে একটি ফোন নম্বর উল্লেখ করে আমেথিতে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে আম আদমিকে সমর্থন দিতে ওই নম্বরে মিসড কল দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বাস।