আমেরিকা-ভারত কূটনীতির খেলা

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে যখন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে জুতা খুলতে হয়েছিল, তখন ভারত কোনো কঠোর প্রতিবাদ করেনি। ভারতীয় কূটনীতিক মিরা শংকরকে যখন বিমানবন্দরে তল্লাশি করা হয়েছিল, তখনো ভারত সরকারকে খুব একটা উচ্চবাচ্য করতে শোনা যায়নি। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হারদিপ পুরিকে যখন নিরাপত্তার অজুহাতে পাগড়ি খুলতে বাধ্য করা হয়েছিল, তখনো ভারত সরকার কোনো প্রতিবাদ জানায়নি।
প্রতিটি ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে নমনীয় কূটনীতির পথ বেছে নিয়েছে। কিন্তু এবার ভারতীয় এক কূটনীতিককে নিউইয়র্কের পুলিশ গ্রেপ্তার করলে কেবল সরকার নয়, বিরোধী দলও ফুঁসে উঠেছে।
অনেকে মনে করেন, আসন্ন লোকসভা নির্বাচনের কারণে দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তারের বিতর্কে ভারত সরকার এই তীব্র জবাব দিয়েছে। এ ধরনের তীব্র জবাবের মাধ্যমে কংগ্রেস দেশে তাদের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রতিবাদ করার মাধ্যমে কংগ্রেস নিজেকে শক্তিশালী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করতে চাচ্ছে।
পুরো ঘটনার সুযোগ নিতে প্রধান বিরোধী দল বিজেপি এবং বামপন্থী দলগুলো প্রস্তুত ছিল। এ কারণে কংগ্রেসের শক্ত প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।
বিরোধী দলগুলো আসন্ন নির্বাচনের প্রচারাভিযানে কংগ্রেসকে ‘দুর্বল মেরুদণ্ডের’ আধিকারী হিসেবে প্রচার করছে। বিজেপির অভিযোগ, কংগ্রেসের চীন ও পাকিস্তান নীতি খুবই দুর্বল। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও মনমোহন সিংয়ের নীতি এখন পর্যন্ত অত্যন্ত নমনীয়। কংগ্রেস যদি কঠোর অবস্থান না নিত, তবে নরেন্দ্র মোদি ও বিজেপি বিষয়টি মোকাবিলায় কংগ্রেসের দুর্বলতা প্রমাণ করে ছাড়ত।
কংগ্রেস বিষয়টিকে মাথায় রেখে প্রতিবাদ করেছে। তবে প্রতিবাদটি কূটনৈতিকভাবে করা হলেও তা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ।
ইটের বদলে পাটকেল কূটনীতি
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছে। এর প্রতিবাদে ভারত বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কবিদ্যায় এ ধরনের পদক্ষেপগুলোকে ‘ইটের বদলে পাটকেল’ কূটনীতি হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, প্রতিটি রাষ্ট্রকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলতে হয়। তবে কোনো রাষ্ট্রের শিষ্টাচারবহির্ভূত আচরণের কারণে সেটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ বিরল নয়।
যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে। এখন যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার জন্য প্রার্থীদের ছবি ও আঙুলের ছাপ জমা দিতে হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রাজিলের আদালত এক রায় দেন যে, ব্রাজিলে প্রবেশ করতে হলে মার্কিন নাগরিকদের একই ধরনের তথ্য জমা দিতে হবে। পরে দেখা যায়, ব্রাজিলের বিমানবন্দরগুলোতে মার্কিন নাগরিকদের ছবি ও আঙুলের ছাপ জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
কার্যত যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের জন্য ব্রাজিলীয়রা যে হয়রানির শিকার হচ্ছিল, সেটি যেন মার্কিনরাও বুঝতে পারে, সেজন্য ব্রাজিলের আদালত ওই নির্দেশ জারি করেছিলেন।
গত বছরের মার্চ মাসে হলুদ জ্বরের (ইয়েলো ফিভার) টিকা না নেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ১২৫ জন নাইজেরীয়র ভিসা প্রত্যাখ্যান করে। এর জবাবে কিছুদিনের মধ্যে নাইজেরিয়া ১৩১ জন দক্ষিণ আফ্রিকান নাগরিককে জাল দলিল দেওয়ার অভিযোগে দেশছাড়া করে।
স্বল্পোন্নত দেশগুলো সাধারণত ইটের বদলে পাটকেল কূটনীতির প্রয়োগ করে না। তবে যুক্তরাষ্ট্রকে এই কূটনীতির সবচেয়ে বেশি প্রয়োগ করতে দেখা যায়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান হামেশাই ভিসা দেওয়ার ক্ষেত্রে ইটের বদলে পাটকেল কূটনীতির প্রয়োগ করে।
ক্ষুব্ধ রাষ্ট্রগুলোর রাগ ঝাড়ার জন্য এবং তাদের আহত আত্মসম্মানবোধকে উপশমের জন্য ইটের বদলে পাটকেল কূটনীতির ব্যবহার অপেক্ষাকৃত নিরাপদ পন্থা। চূড়ান্ত সংঘাত এড়ানোর উপায় হিসেবে এসব ছোটখাটো কর্মকাণ্ড বেশ কার্যকর বলে পরিগণিত হয়।