আয়ারল্যান্ডে শর্ত সাপেক্ষে গর্ভপাতের পক্ষে বিল পাস
আয়ারল্যান্ডের আইনপ্রণেতারা শর্ত সাপেক্ষে গর্ভপাতের বৈধতা দেওয়ার পক্ষে বিল পাস করেছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে দুই দফা তুমুল বিতর্কের পর পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি ১২৭-৩১ ভোটে পাস হয়। বিলটিতে বলা হয়েছে, চিকিৎসকদের বিবেচনায় যদি কোনো গর্ভবতী মায়ের জীবনের আশঙ্কা দেখা দেয়, তাহলে ওই নারী গর্ভপাত ঘটাতে পারবেন। এখন বিলটি অনুমোদনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে পাঠানো হবে। সম্প্রতি আয়ারল্যান্ডের একটি হাসপাতাল গর্ভপাত ঘটাতে অস্বীকৃতি জানানোর পর ভারতীয় বংশোদ্ভূত এক নারীর মৃত্যু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়। আয়ারল্যান্ডের প্রভাবশালী রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে গর্ভপাতের পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে। এ নিয়ে বিভাজন দেখা দিয়েছে। বিলের বিরোধীদের বক্তব্য, এ ধরনের বিল পাস করা হলে নির্বিচারে গর্ভপাত ঘটানো হবে। গর্ভপাতকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে বিরোধীরা দাবি করে, বিল পাসের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে এই প্রথম অপরিণত শিশু হত্যার অনুমোদন দেওয়া হচ্ছে। এদিকে সমর্থকেরাও সমালোচনা করে বলছেন, শর্ত সাপেক্ষে গর্ভপাত অনুমোদনের প্রস্তাব দিলেও বিলটি খুবই সীমাবদ্ধ। কারণ ধর্ষণ কিংবা অজাচারের শিকার নারী গর্ভধারণ করলে তিনি গর্ভপাতের সুযোগ পাবেন না। কিংবা গর্ভস্থ ভ্রূণ অস্বাভাবিক হলেও গর্ভপাত করা যাবে না। আয়ারল্যান্ডের গর্ভপাতবিরোধী আন্দোলনকারীরা বলছেন, প্রতিদিন গড়ে ১১ জন নারী গর্ভপাত ঘটাতে প্রতিবেশী যুক্তরাজ্যে যাান। বিলে এটিও পাশ কাটানো হয়েছে। বিবিসি।