আয়ারল্যান্ডের একটি হাসপাতালে ভারতীয় নারী সবিতা হালাপ্পানাভারের মৃত্যুর ঘটনায় ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ফেইলিম ম্যাকলাফলিনকে নয়াদিল্লিতে গতকাল শুক্রবার তলব করা হয়েছে। ভারত তাঁর কাছে ওই মৃত্যুর ব্যাপারে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। সবিতা হালাপ্পানাভার মেরুদণ্ডের ব্যথায় আক্রান্ত হয়ে গত ২১ অক্টোবর আয়ারল্যান্ডের গ্যালওয়ে ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নিতে যান। গর্ভকালীন জটিলতায় আক্রান্ত হয়ে ২৮ অক্টোবর তাঁর মৃত্যু হয়। তাঁর ১৭ সপ্তাহের গর্ভাবস্থা ছিল। ‘ক্যাথলিক রাষ্ট্র’ বলে চিকিৎসকেরা তাঁর গর্ভপাত করাতে রাজি হননি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) এম গণপতি গতকাল ম্যাকলাফলিনকে তলব করে সবিতার দুঃখজনক অকালমৃত্যুর ঘটনায় ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানান। গণপতি বলেন, একটি তরুণ প্রাণের অকালমৃত্যুতে ভারতের জনগণ দুঃখ পেয়েছে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল বলেন, একজন মায়ের জীবন রক্ষার বিষয়টি অবশ্যই সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত। আইএএনএস।