আর এক সন্তান নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে এক কলেজ অধ্যাপক ইয়াং ঝিঝু সে দেশে রীতিমতো নায়ক বনে গেছেন। দেশি-বিদেশি গণমাধ্যমের মধ্যমণিতে পরিণত হয়েছেন তিনি। যেখানেই তিনি, সেখানেই ক্যামেরার ফ্লাশব্যাক। বিষয়টা অবশ্য উপভোগও করছেন তিনি। সাংবাদিকেরা পিছু পিছু ছোটায় এখন গর্ববোধই হয় তাঁর। তো ঝিঝু এমন কী অর্জন করলেন যে তিনি এখন সবার কাছে আলোচিত চরিত্র!বিষয়টা তেমন কিছু নয়। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ঝিঝু। এতেই বাজিমাত। যা কিনা ১০ সন্তান, ১৫ সন্তান বা তারও বেশি সন্তান নিয়ে কেউ করতে পারেননি। রহস্যটা খোলাসা করা যাক।চীনে একাধিক সন্তান নেওয়ার বিধান নেই। এ আইন লঙ্ঘন করলে জরিমানা করা হয়। সামাজিক সব সুবিধা থেকে বঞ্চিত করা হয় সংশ্লিষ্ট দম্পতিকে। চাকরিচ্যুত করা হয় তাঁদের। শুধু তা-ই নয়, এক বছরের বেতনও কেটে নেওয়া হয়। একাধিক সন্তান নেওয়াকে মানব পাচারের অপরাধের সমতুল্য বিবেচনা করা হয়। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না দ্বিতীয় সন্তানের জন্য আগ্রহী মায়েদের। কিন্তু ঝিঝু এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দ্বিতীয় সন্তান নিয়েছেন। এ জন্য তিনি কোনো জরিমানা দেননি। উল্টো ৩০ বছরের এ আইনকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। বিগত তিন দশকে চীনে তিনিই প্রথম ব্যক্তি যিনি এ আইন লঙ্ঘন করেছেন এবং জরিমানাও দেননি। এ কারণেই চীনের আনাচে-কানাচে এত হইচই। সীমানা ছাড়িয়েছে সে হইচই।২০০৯ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হন ৪৩ বছরের ঝিঝু। এ অপরাধে ৯ এপ্রিল বেইজিংয়ের ইয়ুথ পলিটিক্যাল কলেজের অধ্যাপকের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়। জরিমানা করা হয় ২৯ হাজার ২০০ মার্কিন ডলার। ঝিঝু সরকারের এ নীতিকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন। ঝিঝু বলেছেন, ‘আমার সন্তান আমি নেব। এ জন্য কেন জরিমানা দেব। এটা কোনো মানব পাচার নয়। এটা মানবাধিকার। দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য যে পরিমাণ জরিমানা করা হয়, তা মানব পাচারকারীরা একটি শিশু যে দামে বিক্রি করে তার চেয়েও ১০ গুণ বেশি।’ তিনি বলেন, চীনে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। কেননা বেইজিং ও সাংহাইয়ের মতো চীনের বড় বড় শহরে ইতিমধ্যে জন্মহার কমে গেছে। এ কারণে দেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে।দ্য চায়না ডেইলি সম্প্রতি ঝিঝু ও তাঁর স্ত্রী চেন হংয়ের ছবি প্রকাশ করেছে। ছবিতে তাঁদের দুই সন্তানকেও দেখানো হয়েছে। এ ছবি প্রকাশের পরপরই চীনজুড়ে ঝিঝু দম্পতির পরিচিতি, জনপ্রিয়তা। চীনের একটি খ্যাতনামা ওয়েবসাইট প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করেছে। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৭৫ হাজার ৩৩১ জন ব্যক্তির মধ্যে ৯১ শতাংশ লোক ঝিঝু দম্পতির প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন। তাঁরা সবাই চান, এক সন্তানের নীতি থেকে সরে আসুক চীনা সরকার।অধ্যাপক ঝিঝুর সমর্থনে দেশটির জনসংখ্যা ও উন্নয়ন গবেষণাকেন্দ্রের সাবেক শীর্ষ কর্মকর্তা মা লি বলেন, এক সন্তান নীতির কারণে চীনে ২০৪০ সাল নাগাদ প্রতি চারজন পুরুষের মধ্যে একজন ষাটোর্ধ্ব মানুষ থাকবেন। ২০২০ সাল নাগাদ বিবাহযোগ্য মেয়ের তুলনায় ছেলেদের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। এর ফলে চীনের চারজন পুরুষের মধ্যে একজনের কপালে বউ জুটবে না। সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং মিং বলেন, চীনা সরকারের উচিত এ আইন সংশোধন করা। কিন্তু সরকার এখনো এক সন্তানের নীতিতে অটল। প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দুই মাস আগে তাঁর এক কর্মপ্রতিবেদনে এ আইনটি নতুন করে পর্যালোচনার কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দেন। সূত্র: পিটিআই।